২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

৩৫ কোটি টাকার ‘ভ্যাট ফাঁকি’ জে আই ইমপেক্সের

গেল ৮ সেপ্টেম্বর ভৈরবে জে আই ইমপেক্সের কার্যালয়ে অভিযান চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 06:22 PM

Updated : 27 Sep 2026, 06:22 PM

সরবরাহ সেবাদানকারী কোম্পানি জে আই ইমপেক্সের ৩৫ কোটি টাকার মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট ফাঁকি ধরা পড়ার তথ্য দিয়েছে ভ্যাট কমিশনারেট।

ঢাকার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (পূর্ব) কোম্পানির প্রধান কার্যালয় ভৈরবে অভিযান চালায় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কর আদায়কারী সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ভ্যাট কমিশনারেটের সদর দপ্তর ও নরসিংদী ভ্যাট বিভাগের একটি দল গেল ৮ সেপ্টেম্বর ভৈরবে জে আই ইমপেক্সের কার্যালয়ে অভিযান চালায়।

সেই অভিযানে তাদের ভ্যাট সংক্রান্ত নথি, বিভিন্ন বাণিজ্যিক দলিল, কম্পিউটারের সিপিইউ, ট্রাক ভাড়ার নথি, চালকের খরচের বিবরণী জব্দ করা হয়।

ভ্যাট কমিশনারেট বলছে, জে আই ইমপ্লেক্সের ২০২৩ থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মাস ভিত্তিক পণ্য সরবরাহ তথ্য যাচাই করে ৬২১ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার ১৩৪ কোটি টাকা বিক্রয়ের তথ্য পাওয়া গেছে।

“এর মধ্যে প্রাথমিকভাবে ৩৫ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৭৯৮ টাকার টাকার ভ্যাট ফাঁকি উদঘাটিত হয়।”

প্রতিষ্ঠানটি নিজস্ব ট্রাক ও ট্রলার এবং থার্ড-পার্টি লজিস্টিকসের মাধ্যমে পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থাপনা পরিচালনা করে। রুট নির্ধারণ, ইনভেন্টরি ও খুচরা যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ, চালকদের বেতন এবং চালক-সরবরাহকারীদের সঙ্গে সমন্বয় করে পণ্য সময়মতো ও সাশ্রয়ী খরচে পৌঁছে দেওয়া এদের মূল কাজ।

কমিশনারেট বলছে, কোম্পানিটির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।