২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে সিটিজেন’স চার্টার প্রস্তুত করার নির্দেশ

সেবা সংক্রান্ত তথ্য সহজ করতে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করতেও ব্যাংককে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংককে সিটিজেন’স চার্টার প্রস্তুত করার নির্দেশ

বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 11:28 PM

Updated : 10 Oct 2022, 11:28 PM

ব্যাংকের কাজে স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদার করা এবং জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি গ্রাহকদের যথাযথ সেবা দিতে ‘সিটিজেন’স চার্টার’ তৈরি করে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংক এক পরিপত্রে এ দলিলকে ব্যাংকে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা এবং তিন মাস পরপর তা হালনাগাদ করতে নির্দেশনা দিয়েছে।

পরিপত্রে বলা হয়, “সিটিজেন’স চার্টার বা নাগরিক সনদ বা সেবা প্রদান প্রুতিশ্রুতি মূলত একটি দলিল, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান/সংস্থা তাদের প্রতিশ্রুত পরিষেবা সম্পর্কে নাগরিকগণকে অবহিত করে থাকে।”

নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো গ্রাহকদের যেসব সেবা দিচ্ছে তা জনগণকে জানাতে হবে এবং প্রতিশ্রুতি অনুযায়ী সেবা না পেলে করণীয় কী তাও জানাতে বলা হয়েছে।

সেবা সংক্রান্ত বিষয়াদি সহজে চোখে পড়ে এমন স্থানে সিটিজেন’স চার্টার টানানো ও তা ব্যাংকের ওয়েবসাইটেও দিতে বলা হয়েছে। যেখানে সেবা মূল্য সম্পর্কেও বিস্তারিত উল্লেখ করতে হবে।

ব্যাংকের সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা, সেবা সংক্রান্ত তথ্য সহজ করা, সেবা কার্যক্রমে নাগরিকদের অংশীদারিত্ব বাড়ানো এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি বাড়ানো নিশ্চিত করার লক্ষ্যে সিটিজেন’স চার্টার বাস্তবায়ন করা দরকার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পরিপত্রে আরও বলা হয়, ব্যাংকের যাবতীয় সেবার শ্রেণিভিত্তিক তালিকা, সেবা পাওয়ার প্রয়োজনীয় যোগ্যতা ও দলিলাদি, দলিলাদির প্রস্তুত প্রক্রিয়া, প্রতিটি সেবা দেওয়ার ন্যূনতম প্রয়োজনীয় সময়, সেবা প্রদানের ফি এবং নাগরিক সেবা না পেলে করণীয় উল্লেখ করে সিটিজেনস চার্টার প্রস্তুত করতে হবে।

সিটিজেন’স চার্টার সংক্রান্ত একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা এবং একজন বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ দিতে হবে। তাদের নাম, ফোন নম্বর ও ই-মেইল অ্যাড্রেস ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

এছাড়া প্রতিটি ব্যাংকের ওয়েবসাইটে একটি ‘বিজনেস চার্টার কর্নার বক্স’ বসাতে হবে। সিটিজেন চার্টার সংক্রান্ত সব তথ্য এই বক্সে আপলোড করতে হবে।

প্রতিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি পরিবীক্ষণ কমিটি ও একটি বিজনেস সেল গঠন করতে বলা হয়েছে সার্কুলারে। ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের সিটিজেন’স চার্টার বাস্তবায়নে সচেতন করতে বছরে সর্বনিম্ন চারটি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে বলেও জানানো হয়েছে।

সিটিজেন’স চার্টার সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে ব্যাংকগুলোর কার্যক্রম পরিদর্শনও করা হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।