Published : 17 Oct 2022, 09:43 PM
পরিবেশবান্ধব কারখানার জন্য যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের মানদণ্ডে ‘প্লাটিনাম’ স্বীকৃতি পেয়েছে সুলতানা সোয়েটার্স।
বাংলাদেশের সোয়েটার শিল্প খাতে টেকসই উন্নয়ন, সাশ্রয়ী বিদ্যুৎ, জ্বালানি ও পানির ব্যবহার এবং পরিবেশ বান্ধব অবস্থানের কারণে এই ‘লিড প্লাটিনাম’ সনদ পেয়েছে বলে কোম্পানিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সুলতানা সোয়েটার্স লাবিব গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। গত ১৫ অক্টোবর রাজধানীর গুলশানে লাবিব গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সনদ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুলতানা সোয়েটার্স লিমিটেডের পক্ষে সনদ গ্রহণ করেন লাবিব গ্রুপের ভাইস-চেয়ারম্যান সুলতানা জাহান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, লিড সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিস্টেড কনসাল্ট্যান্ট গুনাসেকারান রাজু (ব্যবস্থাপনা পরিচালক, ইনোওয়েল গ্রুপ, ইন্ডিয়া) এবং সুলতানা সোয়েটার্স ও ইনোওয়েল গ্রুপের উচ্চ পদস্থ কর্মকতারা উপস্থিত ছিলেন।
লাবিব গ্রুপ অব কোম্পানিজের রয়েছে সোয়েটার, ডাইং, ব্যাংকিং, লিজিং, ইলেকট্রনিক্স, আইটি, প্যাকেজিং, ক্যাটেল ফার্ম, পোল্ট্রি, ফিশারিজ ও কৃষিখাতে বেশ কয়েকটি অঙ্গ প্রতিষ্ঠান।