২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোকের মাসে এনআরবিসি ব্যাংকের ‘প্ল্যানেট’ ম্যাগাজিনের বিশেষ সংখ্যা

ম্যাগাজিনটির অনলাইন সংস্করণ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে তোলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 10:00 PM

Updated : 30 Aug 2022, 10:00 PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে ‘প্ল্যানেট’ ম্যাগাজিনের বিশেষ সংখ্যা প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক।

বঙ্গবন্ধুর ৪৭তম মৃত্যুবার্ষিকী ও শোকের মাস উপলক্ষ্যে এনআরবিসি ব্যাংকের ত্রৈমাসিক প্রকাশনা ‘প্ল্যানেট’ এর বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনআরবিসি ব্যাংক জানায়, মঙ্গলবার ব্যাংকটির গুলশান শাখার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে বিশেষ এই সংখ্যার মোড়ক উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নূরুন্নবী। ম্যাগাজিনটির অনলাইন সংস্করণ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে তোলা হয়।

অনুষ্ঠানে নূরুন্নবী বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিব এক আদর্শের নাম। তাকে হত্যার মাধ্যমে তার আদর্শ মুছে ফেলার চেষ্টা হয়। কিন্তু বঙ্গবন্ধু আরও শক্তিশালী হয়ে জাগ্রত হয়ে আছেন বাংলাদেশের সব মানুষের কাছে।

“আমাদের উচিত তার আদর্শের যথাযথ বাস্তবায়ন। বাঙালির অর্থনৈতিক মুক্তির আন্দোলনকে বেগবান করাই হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা।”

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, “বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড সমগ্র জাতির জন্য কলঙ্কজনক অধ্যায়।”

জাতীয় শোকদিবস উপলক্ষে এনআরবিসি ব্যাংক শোকের মাসের বিভিন্ন সময়ে আলোচনা সভা, দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা প্রদান, দোয়া মাহফিল, নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও রাশিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, মোহাম্মদ ওলিউর রহমান, লকিয়ত উল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন। অনলাইনে ব্যাংকের প্রধান কার্যালয় ও সব শাখার কর্মকর্তারাও যুক্ত ছিলেন।