২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুষ্ঠিত হয়ে গেল নগদ-এর ‘ভালোবাসার কত রূপ’

দুই দিনে বিভিন্ন কুইজের উত্তর দিয়ে ৪৮ জন গ্রাহক জিতে নেন বিপিএল-এর টিকেট

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2023, 08:03 PM

Updated : 14 Feb 2023, 08:03 PM

বিশ্ব ভালোবাস দিবস উপলক্ষে গ্রাহক ও তারকাদের নিয়ে ‘ভালোবাসার কত রূপ’ শীর্ষক দুই পর্বের এক অনুষ্ঠানের আয়োজন করেছে নগদ লিমিটেড। 

অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে লাইভে অংশ নিয়ে কুইজ খেলে পুরস্কার জিতেছেন গ্রাহকেরা। পাশাপাশি পছন্দের তারকার সঙ্গে দিয়েছেন প্রাণবন্ত আড্ডা। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, মনজু আহমেদের সঞ্চালনায় ব্যতিক্রমধর্মী এই আড্ডায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রাহকেরা অংশগ্রহণ করেন এবং দুই দিনে বিভিন্ন কুইজের সঠিক উত্তর দিয়ে মোট ৪৮ জন গ্রাহক জিতে নেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর টিকেট। 

অনুষ্ঠানের প্রথম দিনে সংগীত শিল্পী রায়েফ আল হাসান রাফা ও অভিনেত্রী নুসরাত ফারিয়া অংশ নেন। দ্বিতীয় দিনে সংগীত শিল্পী শাফিন আহমেদ, অভিনেত্রী সোহানা সাবা, মডেল ও অভিনেতা নিরব, ইউটিউবার তৌহিদ হোসেন আফ্রিদি, শিল্পী পূজা ও তানজীব সারোয়ার লাইভ অনুষ্ঠানে অংশ নেন। 

এই দুই দিন রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁ, যেমন- গুলশানের সিক্রেট রেসিপি, বেইলি রোডের ম্যাডশেফ, উত্তরার রাইস এন্ড নুডলস, ওয়ারীর গ্র্যান্ড দরবার, মিরপুরের দ্য ফুড কোম্পানি এবং ধানমন্ডির ক্রিমসন কাপ থেকেও গ্রাহকেরা এই লাইভ আড্ডায় অংশ নেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

ব্যতিক্রমধর্মী আয়োজন বিষয়ে নগদ-এর চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) মো. সিহাব উদ্দিন চৌধুরী বলেন, “নগদ শুরু থেকেই ব্যতিক্রম। মানুষের মধ্যে ফাগুনের রং ছড়িয়ে দিতে ও বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছার অংশ হিসেবে আমাদের এই আয়োজন। আমরা মনে করি, আমাদের পথচলার সারথী আমাদের গ্রাহক। তাই আমরা তাদের সাথে এমন চমৎকার দুটি আয়োজন করেছি।” 

উল্লেখ্য, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের কেনাকাটায় নগদ পেমেন্টে চলছে ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়া দিনে সর্বোচ্চ পেমেন্টকারী গ্রাহক পাচ্ছেন ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের কাপল টিকেট।