০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

টানা তৃতীয়বার ‘সেরা পছন্দের নিয়োগদাতা’ হল বিকাশ

এর আগে ২০২০ ও ২০২১ সালেও এ স্বীকৃতি পায় এমএফএস কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2023, 07:21 PM

Updated : 24 Jan 2023, 03:22 PM

টানা তৃতীয়বার ‘এমপ্লয়ার অব চয়েস’ বা ‘সেরা পছন্দের নিয়োগদাতা’ নির্বাচিত হয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ।

নিয়েলসেন পরিচালিত ‘ক্যাম্পাস ট্র্যাক সার্ভে বি-স্কুল: ২০২২’ জরিপে ৫৪টি বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে বিকাশ শীর্ষস্থান অর্জন করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এমএফএস কোম্পানিটি।

এতে জানানো হয়, ২০২০ ও ২০২১ এর পর ২০২২ সালে ‘সেরা পছন্দের নিয়োগদাতা’ স্বীকৃতি এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্ডাস্ট্রি প্রেফারেন্স, কাজের পরিবেশ, বেতন কাঠামো ও ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম এবং চাকুরিপ্রার্থীদের অনুপ্রাণিত হবার মত সুযোগ সুবিধা- এ তিন মানদণ্ডের ওপর ভিত্তি করে ক্যাম্পাস ট্র্যাক সার্ভে পরিচালিত হয়ে থাকে।

ক্যাম্পাস রিক্রুটার ইনডেক্স (সিআরআই) সূচকের ভিত্তিতে ৫৪টি বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে বিকাশ। প্রতিষ্ঠানের সুনাম, ইতিবাচক কাজের পরিবেশ, ক্রমবিকাশ ও শেখার সুযোগ, আকর্ষণীয় বেতন, কাজের স্থিতিশীলতা এবং সন্তুষ্টি, কর্মীদের কল্যাণ, প্রাতিষ্ঠানিক সংস্কৃতি এবং মূল্যবোধে ইত্যাদি বিবেচনায় জরিপে প্রথম স্থান অর্জন করেছে কোম্পানিটি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ জরিপে দেশের শীর্ষস্থানীয় ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের বিবিএ শেষ বর্ষ ও এমবিএর শিক্ষার্থীরা অংশ নেন।

বিকাশ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ট্রেইনি (এমটি) প্রোগ্রাম পরিচালনা করে। ‘জেননেক্সট’ নামে পরিচিত এমটি প্রোগ্রাম সর্বোচ্চ ক্যারিয়ার গ্রোথ নিশ্চিত করে। ফলে জরিপের আওতায় সবগুলো প্রতিষ্ঠানের মধ্যে বিকাশের এ এমটি প্রোগ্রাম সেরা হিসেবে বিবেচিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিকাশের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. ফেরদৌস ইউসুফ বলেন, “আমরা অনুপ্রাণিত যে বিকাশের মত একটি দেশীয় একটি কোম্পানি ২০২০ সাল থেকে টানা তৃতীয়বারের মত বাংলাদেশের এক নম্বর ‘এমপ্লয়ার অব চয়েস’ বা সেরা পছন্দের নিয়োগদাতা নির্বাচিত হয়েছে। বিকাশ এমন একটি প্রতিষ্ঠান যার কর্মীদের আন্তরিক প্রচেষ্টা এবং ক্রমাগত উদ্ভাবন লাখ লাখ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে।”

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেন আইকিউ বাংলাদেশে ২০১৩ সাল থেকে এ জরিপ করছে।