২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক কারখানা উন্নয়নের ঋণে সুদ কমে ৫%

এর আগে এ তহবিল থেকে কারখানার সংস্কার ও উন্নয়নে ৭ শতাংশ সুদে ঋণ পেতেন উদ্যোক্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2022, 09:09 PM

Updated : 26 Sep 2022, 09:21 PM

তিন বছর আগে তৈরি পোশাক খাতের নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নে চালু ঋণের সুদহার কমিয়ে ৫ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার এ বিষয়ে সার্কুলার দিয়ে তা সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের জানানো হয়েছে।

এর আগে এ তহবিল থেকে কারখানাগুলোর সংস্কার বা উন্নয়নের জন্য রপ্তানিকারক ও উদ্যোক্তাদের দেওয়া ঋণের সুদহার ছিল ৭ শতাংশ।

দেশের প্রধান রপ্তানি পণ্য পোশাক খাতের সহায়তায় ২০১৯ সালে ‘প্রোগ্রাম টু সাপোর্ট সেইফটি রেট্রোফিটস অ্যান্ড এনভাইরনমেন্টাল আপগ্রেডেশন’ (এসআরইইউপি) প্রকল্প চালু করা হয়।

এ প্রকল্পের আওতায় গঠিত তহবিল থেকে পোশাক খাতের কারখানাগুলো এ ঋণ পাচ্ছে।

সার্কুলারে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ ব্যাংকগুলো এ খাতে ঋণ দিতে তহবিল থেকে আড়াই শতাংশ সুদে অর্থ নিতে পারবে। আর গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার হবে সর্বোচ্চ ৫ শতাংশ।

এ তহবিল থেকে নেওয়া পুরনো ও নতুন সব ঋণের ক্ষেত্রেই নতুন সুদহার গত ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

পুরনো খবর:

পোশাক খাতের সংস্কারে ৭ শতাংশে ঋণ

এ প্রকল্পের আওতায় কারখানাগুলোর জন্য মোট অর্থায়নের আকার ৬৪ দশমিক ২৯ মিলিয়ন ইউরো। এতে ইইউ ও জিআইজেড এর অনুদান এবং বাংলাদেশ ব্যাংকের অর্থায়ন রয়েছে। উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণে প্রকল্পটি চালু করা হয়।

তৈরি পোশাক কারখানার অগ্নি নির্বাপণ, কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমিকের নিরাপত্তা এবং পরিবেশবান্ধব বা নিরাপত্তা জোরদার বিষয়ক বিনিয়োগে এ তহবিল থেকে ঋণ নেওয়া যাবে।