জামালপুরের রোগীদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অক্সিজেন প্ল্যান্ট
এ পর্যন্ত তিনটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট অনুদান দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক এই বহুজাতিক ব্যাংক
কোভিড-১৯, কার্ডিওভাস্কুলার ও শ্বাসকষ্টসহ অন্যান্য রোগীদের পর্যাপ্ত অক্সিজেন চাহিদা পূরণে জামালপুরের এম এ রশিদ হাসপাতালকে অক্সিজেন প্ল্যান্ট অনুদান দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ।
বুধবার এক বিজ্ঞপ্তিতে যুক্তরাজ্য ভিত্তিক এই বহুজাতিক ব্যাংক জানায়, প্রতিমিনিটে ৩০৩ লিটার ধারণ ক্ষমতার এই পিএসএ প্লান্টের মাধ্যমে একসেঙ্গ প্রায় ৮০জন রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে।
সম্প্রতি হাসপতাল চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্ল্যান্টের উদ্বোধন করেন বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।
প্ল্যান্ট থেকে নির্ভরযোগ্য ও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করবে ইউনাইটেড ট্রাস্ট। এজন্য ইউনাইটেড ট্রাস্টের সঙ্গে চুক্তি করার কথাও জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ।
অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় বলেন, “অক্সিজেনের সঠিক ও পর্যাপ্ত সরবরাহ রোগীদের জীবন-মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। সরবরাহ কম থাকলে বিশেষ করে গ্রামাঞ্চলে চাহিদা বাড়ে। জামালপুরের গ্রামীণ জনগোষ্ঠী এখন সেই দুশ্চিন্তামুক্ত থাকবে।
“এটি শুধু একটি অনুদান বা মহামারির কথা বিবেচনায় গৃহীত কোন পদক্ষেপ নয়, বরং জেলার বাসিন্দাদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাংকের একটি প্রচেষ্টা।”
ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদ বলেন, “ইউনাইটেড ট্রাস্টের চারটি প্রধান ‘ফোকাস’ এলাকার মধ্যে জামালপুর অন্যতম এবং জামালপুর ও এর আশপাশের জেলার জনগণের জন্য সেরা মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।
“বিশেষ করে দেশের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শহরগুলোতে উন্নত স্বাস্থ্য সেবা দিতে আমরা এই হাসপাতাল প্রতিষ্ঠান করেছি।”
এই উদ্যোগের পাশে থাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনকেও ধন্যবাদ জানান।
এর আগে মার্চে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে প্রথম পিএসএ মেডিকেল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট স্থাপন করে ব্যাংকটি। গত সেপ্টেম্বর মাসে টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে (টিএমসি ও আরসিএইচ) আরেকটি প্ল্যান্ট অনুদান দেওয়া হয়।
তিনটি অক্সিজেন প্ল্যান্টের মোট অক্সিজেন উৎপাদন ক্ষমতা প্রতি মিনিটে ১৩০০ লিটার অতিক্রম করেছে এবং দৈনিক ৪০০ রোগীকে সেবা প্রদানে সক্ষম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ক্লায়েন্ট কভারেজ (করপোরেট, কমার্শিয়াল ও ইন্সটিটিউশনাল ব্যাংকিং) এনামুল হক; হেড অব করপোরেট অ্যাফেয়ারস (ব্র্যান্ড ও মার্কেটিং) বিটপী দাশ চৌধুরী এবং ইউনাইটেড ট্রাস্ট্রের চেয়ারম্যান আব্দুর রহিম।
