এলডিসি থেকে উত্তরণ: ৩ বছর পেছাতে কাজ করার প্রতিশ্রুতি বাণিজ্যমন্ত্রীর
প্রথমবার এমপি নির্বাচিত হয়েই পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মুক্তাদির।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের সময়সীমা আরও তিনবছর পিছিয়ে নিতে প্রথম কার্যদিবস থেকেই কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তার ভাষ্য, "আমরা এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দিতে চাই। এ নিয়ে আজ থেকেই কাজ শুরু করেছি। এটার জন্য যে যে কাজ করা দরকার আমরা করব।"
প্রথমবার এমপি নির্বাচিত হয়েই পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান মুক্তাদির; একই সঙ্গে তার কাঁধে রয়েছে শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বভারও।
মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিন বুধবার সচিবালয়ে প্রথম কার্যদিবসে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলছিলেন। এ সময় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
সময়সীমা পেছাতে কীভাবে কাজ করা হবে তাও তুলে ধরেন নতুন বাণিজ্য মন্ত্রী।
তিনি বলেন, "এটা ইনিশিয়েট করে বাণিজ্য মন্ত্রণালয়, আর করস্পন্ডেন্ট করে ইআরডি। আমরা ইআরডির সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজটি করব।"
মুক্তাদির ২০১৬ সাল থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি। বাণিজ্যের পাশাপাশি শিল্প এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করবেন তিনি।
