২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা

“দেশে বিগত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজ অসম্ভবভাবে বিভক্ত ছিল। ভীতসন্ত্রস্ত ছিল।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2024, 12:35 PM

Updated : 26 Aug 2026, 10:58 AM

রমজানকে সামনে রেখে বাজার ব্যবস্থা সহনশীল রাখার জন্য সরকার চেষ্টায় থাকবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাভাতা বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করতে পারি। চাহিদা এবং যোগানের বিষয়কে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি। এজন্য সহযোগিতা এবং দোয়া কামনা করছি।”

দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কমেছে বলে মন্তব্য করে উপদেষ্টা বলেন, “আপনাদের সকলের সহযোগিতায়, আজকে আপনারা দেখছেন যে চিনির দাম, পেঁয়াজের দাম ও তেলের দাম কিছুটা ইয়ে হয়ে (কমে) আসছে।”

বিগত সরকারের সমালোচনা করে শেখ বশির বলেন, “দেশে বিগত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজ অসম্ভবভাবে বিভিক্ত ছিল। ভীতসন্ত্রস্ত ছিল। 

“আজকে ক্রিমিনালাইজেশন ইজ এভরি সেক্টর, ব্যবসা-ব্যাকিং হোক, সাংবাদিকতা হোক… আমাদের জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছে। এমন একটা অবস্থা থেকে ছাত্র-জনতার আন্দোলনের ওপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকার সংগঠিত হয়েছে।”

তিনি বলেন, “উদ্দেশ্যটা হচ্ছে কীভাবে একটা মর্যাদাপূর্ণ সমাজে আমরা রূপান্তরিত করতে পারি।”

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।