Published : 29 Aug 2024, 03:00 PM
আর্থিক কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হুমায়রা আজম।
সম্প্রতি তিনি এই দায়িত্ব গ্রহণ করেন বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, হুমায়রা আজম ৩৪ বছর ধরে ব্যবসায়িক পুনর্গঠন ও পরিবর্ধনে বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় অসামান্য নেতৃত্বের পরিচয় দিয়ে আসছেন।
দেশের ব্যাংকিং ও নন-ব্যাংকিং খাতে তিনিই প্রথম নারী হিসেবে প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন। তিনি ট্রাস্ট ব্যাংক ও আইপিডিসি ফাইন্যান্সেও কাজ করেছেন।
হুমায়রা আজম পেশাগত জীবনে কর্পোরেট ব্যাংকিং থেকে শুরু করে বাণিজ্যিক ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, ট্রেজারি, রিটেইল ব্যাংকিং, সম্পদ ব্যবস্থাপনা, শাখা ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং, ঋণ ব্যবস্থাপনা, মূলধন ব্যবস্থাপনা, আর্থিক প্রতিষ্ঠান ও সিকিউরিটিজের বিভিন্ন শাখায় কাজ করেছেন।
হুমায়রা ১৯৯০ সালে ‘এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক’-এ ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে দ্রুত পদোন্নতি পেয়ে তিনি বিভিন্ন নেতৃত্বস্থানীয় দায়িত্ব পালন করেন।
এইচএসবিসি বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং আইপিডিসি ফাইন্যান্সে শক্তিশালী কাঠামো গড়ে তোলা থেকে শুরু করে ব্যবসা সম্প্রসারণ এবং সফল কৌশল বাস্তবায়নে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।