‘এএএবি হাবে’ বিজ্ঞাপন খাতের পরিচিত মুখের মিলনমেলা
এতে ৬০টির বেশি বিজ্ঞাপনি সংস্থার স্বত্ত্বাধিকারী, প্রধান নির্বাহী, সংগঠন ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।
নিজেদের মধ্যে সংযোগ বাড়াতে অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি) এর নতুন কমিটির প্রথম নেটওয়ার্কিং আয়োজন ‘এএএবি হাব’ পরিণত হয়েছিল মিলনমেলায়।
সোমবার রাজধানীর বনানীতে একটি হোটেলে এ আয়োজনে ৬০টির বেশি বিজ্ঞাপনি সংস্থার স্বত্ত্বাধিকারী, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংগঠন ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।
এতে উপস্থিত অতিথিরা নেটওয়ার্কিং হাবের গুরুত্ব নিয়ে ইতিবাচক মতামত প্রকাশ করেছেন বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
অনুষ্ঠানে বিজ্ঞাপন খাতের অগ্রজদের মধ্যে গীতি আরা সাফিয়া চৌধুরী, রামেন্দু মজুমদার, সারা যাকের, মুনির আহমেদ খান ও ইউসুফ হাসান উপস্থিত ছিলেন।
এএএবির সভাপতি সানাউল আরেফিন বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পের অগ্রগতির কথা তুলে ধরে এ শিল্পের বিকাশে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
“আমরা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বিজ্ঞাপন শিল্পে কাজ করছি। এখন সময় এসেছে আমাদের নিজের দায়িত্ববোধ থেকে একটি সচেতনতার ক্যাম্পেইন পরিচালনার, যা মানুষের মনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে। “
মার্কেটিং ও ব্র্যান্ডের গুরুত্ব তুলে ধরে ইউনিলিভার বাংলাদেশ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাভেদ আকতার বলেন, ”সৃজনশীলতাকে কেন্দ্র করেই এখনও বিজ্ঞাপন জগত আবর্তিত হচ্ছে। বিজ্ঞাপনের লেখা কতটা কার্যকর বা এটি দর্শকদের সঙ্গে কতটা সংযোগ স্থাপন করে, তার শুরু গবেষণার মাধ্যমে নির্ধারিত হলে আরও কার্যকর হবে।
“এখনকার এই নতুন সময়ের প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে বড় ডেটা এবং ছোট ডেটা ব্যবহারের সামঞ্জস্যতা রক্ষা করা।”
সংগঠনের মহাসচিব সৈয়দ আহসানুল আপন বলেন, “আমরা শিল্প এবং সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করতে চাই। আমরা ন্যায্য নীতিমালা তৈরি, উদ্ভাবনের প্রচার, দক্ষতা উন্নয়ন এবং বিজ্ঞাপনি খাতকে শক্তিশালী করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে কাজ করব।”
এএএবির সহসভাপতি নাজিম ফারহান চৌধুরী বলেন, “বাংলাদেশের বিজ্ঞাপনি শিল্প এখন বড় ধরনের পরিবর্তন এবং উত্থানের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের এই শিল্পকে তার সর্বোচ্চ কার্যক্ষমতায় পরিচালনা করতে হলে সবার শক্তি এবং অভিজ্ঞতার উপর নির্ভর করতে হবে। কারণ, আমরা সেই খাত, যা বাকি পুরো অর্থনীতিকে সচল রাখে।”
