০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিপিসির পরিশোধিত তেল আমদানি দরপত্রের মূল্য প্রস্তাবের সময় কমে অর্ধেকে

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ সংকটের মধ্যে আমদানির সময় কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 06:14 PM

Updated : 07 Oct 2026, 06:14 PM

আগামী বছরের জন্য সরকারি পর্যায়ে (জিটুজি) সরাসরি অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

একই সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পরিশোধিত তেল আমদানির দরপত্রে বিডিং বা প্রতিযোগিতামূলক মূল্য প্রস্তাবের সময় ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করারও অনুমোদন দেওয়া হয়েছে।

মূলত পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ সংকটের মধ্যে আমদানির সময় কমানোর লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সচিবালয়ে বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৮তম বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন সময়ে বিপিসির পরিশোধিত তেল আমদানিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র প্রস্তুত ও দাখিলের সময়সীমা ৪২ দিনের বদলে ২১ দিন করার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থাৎ ছয় মাসের এই আমদানি দরপত্রের মাধ্যমে হলেও বিডারদের হাতে সময় থাকবে আগের তুলনায় অর্ধেক। দ্রুত দরপত্র শেষ করে আমদানি করতে চায় সরকার।

বৈঠকে জ্বালানির সরবরাহের অপর প্রস্তাবে বলা হয়েছে, ২০২৭ পঞ্জিকাবর্ষে ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে (ইআরপিএলসি) প্রক্রিয়াকরণের জন্য অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানি করা হবে। এ জন্য সরাসরি ক্রয় পদ্ধতির আওতায় জিটুজি প্রক্রিয়ায় কেনার নীতিগত অনুমোদন চাওয়া হয়েছিল। কমিটি তা সুপারিশ করেছে।

এছাড়া ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পরিশোধিত জ্বালানি তেল সরাসরি জিটুজি প্রক্রিয়ায় কেনারও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় বিদ্যুৎ খাতের একটি প্রস্তাবও অনুমোদনের সুপারিশ পেয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (ইস্ট) বিদ্যুৎকেন্দ্রের জন্য সংশোধিত ট্যারিফ কাঠামো (রেফারেন্স ট্যারিফ) অনুযায়ী বিদ্যুৎ কেনার লক্ষ্যে পুনর্নির্ধারিত লেভেলাইজড ট্যারিফ অনুমোদনের প্রস্তাব এসেছিল বিদ্যুৎ বিভাগ থেকে। প্রস্তাবে মূল চুক্তিমূল্য ধরা হয়েছে প্রতি কিলোওয়াট ঘণ্টা ৩.৭০০ মার্কিন সেন্ট, যা টাকায় প্রায় ৪.৫ টাকার সমান।

ক্রয় কমিটির সভায় এছাড়াও কৃষি মন্ত্রণালয়ের জন্য মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৮০ হাজার টন ডিএপি সার আমদানি, সুনামগঞ্জের জামালগঞ্জে হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো প্রকল্পের ২৬৪ কোটি টাকার নির্মাণ কাজ, স্বাস্থ্য খাতের কয়েকটি ক্রয়, রেলপথ মন্ত্রণালয়ের পরামর্শক নিয়োগ এবং সড়ক বিভাগের দুটি প্রস্তাবেও সায় মেলে সভার।