২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলগুলোর কাছে ১৫ দফা ‘শ্রমিক ইশতেহার’

নির্বাচনী ইশতেহারে শ্রমিক স্বার্থ অন্তর্ভুক্ত করার পাশাপাশি সরকারকে অঙ্গীকার বাস্তবায়নে বাধ্য করতে গঠন করা হয়েছে অ্যালায়েন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 09:57 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

সব ধরনের শ্রমিকদের আইনি স্বীকৃতি ও স্থায়ী শ্রম কমিশন গঠনসহ সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশেতেহারে ১৫টি বিষয়ে অন্তর্ভুক্ত করতে সুপারিশ করেছে ‘শ্রমিক অধিকার জাতীয় এডভোকেসি এলায়েন্স’ নামের একটি জোট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিল্স) সহযোগিতায় রাজনৈতিক দলগুলোর জন্য ‘শ্রমিক ইশতেহার’ এর সুপারিশ উপস্থাপন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনী ইশতেহারে শ্রমিক স্বার্থ অন্তর্ভুক্ত করার পাশাপাশি সরকারকে অঙ্গীকার বাস্তবায়নে বাধ্য করতে গঠন করা হয়েছে এই অ্যালায়েন্স।

অ্যালায়েন্সের আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “এই অ্যালায়েন্স শ্রমিকদের স্বার্থ রক্ষায় সার্বজনীনভাবে কাজ করবে। শ্রমিক অধিকার আদায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা চলছে, তা অব্যাহত রাখা হবে।

“আমরা সকল দলের সঙ্গে বসেছি। আজকেও একটি দলের সঙ্গে বসা হবে। আমরা ইশতেহার সকলের কাছে পৌঁছাব। শুধু ইশেতেহারের প্রতিশ্রুতি না, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রাজনৈতিক দলগুলোর একটি কমিটমেন্ট নিতে হবে।”

অ্যালায়েন্স জাতীয় পর্যায়ে নীতি র্নিধারকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে জানিয়ে তিনি বলেন, “আমাদের লবিং ও যোগাযোগ থাকবে, যাতে করে সবার মধ্যে একটি বোঝাপড়ার উপলব্ধি তৈরি হয়। এই ইশতেহার শ্রমিকদের কাছে নিয়ে যাবে। সবাই যেন অধিকার আদায়ে এই অ্যালায়েন্সকে শক্তিশালী করে।”

অ্যালায়েন্সের সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে অর্ন্তবর্তীকালীন সরকার গঠিত শ্রম সংস্কার কমিশনের সাবেক প্রধান ও বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদকে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশে শ্রমজীবী মানুষের ভোটের যে সংখ্যা, তাদেরকে উপেক্ষা করে জাতীয় পর্যায়ে কোনো পরিকল্পনা যেন বাস্তবায়ন করা না হয়। আমরা সর্বজনীন রাজনৈতিক অঙ্গীকার চাই।

“সকল আন্দোলনে শ্রমিকরা রক্ত দেন, তাদের অবদান সবচেয়ে বেশি থাকে। কিন্তু এই পরিবর্তনের হাত ধরে যারা ক্ষমতায় আসেন শ্রমিকদের কথা তারা মাথায় রাখেন না।”

শ্রমিক ইশতেহারের ১৫ দফার সুপারিশ–

# শ্রম আইনে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে সকল শ্রমিকের আইনি স্বীকৃতি, নিবন্ধন ও সুরক্ষা নিশ্চিত করা।

# শ্রমজীবী মানুষের শোভন ও মর্যাদাপূর্ণ কাজের অধিকার ও সুযোগ নিশ্চিত করা।

# সকল শ্রমিকের জন্য মর্যাদাকর ও জীবন বিকাশের উপযোগী ন্যায্য মজুরি নিশ্চিত করা।

# নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা, দুর্ঘটনায় ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি করা এবং সকল দুর্ঘটনার বিচার ও তদন্ত প্রতিবেদন প্রকাশ।

# শ্রমজীবী মানুষের জন্য রেশন, আবাসন, স্বাস্থ্যসেবাসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করা।

# সকল শ্রমিক ও শ্রমজীবী মানুষের সংগঠন করা ও দরকষাকষি অধিকার নিশ্চিত করা।

# শিল্পসম্পর্ক চর্চা ও উন্নয়ন, নীতি প্রণয়নে শ্রমিকের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব এবং সামাজিক সংলাপ চর্চাকে উৎসাহিত করা।

# অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এবং ন্যায্য প্রাপ্তি নিশ্চিতে শ্রমিকের অভিযোগ জানাতে প্রশাসনিক ও বিচারিক ব্যবস্থা গ্রহণ করা।

# কর্মক্ষেত্রে সম-অধিকার নিশ্চিত করা এবং হয়রানি, সহিংসতা ও বৈষম্য  দূর করা। সকল নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি সবেতনে ৬ মাসে উন্নীত করা।

#  শিশু-কিশোর শ্রম বন্ধে সরকার কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

# শ্রম সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা।

# জলবায়ু ও প্রযুক্তি পরিবর্তন, অটোমেশন ও চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে ন্যায্য রূপান্তর এবং সামাজিক, পরিবেশগত ও মানবাধিকার বিষয়ক চ্যালেঞ্জ মোকাবেলাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে আন্তর্জাতিক ব্যবসায়িক দায়বদ্ধতার আলোকে পদক্ষেপ গ্রহণ করা।

# অভিবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

# ইপিজেড এলাকায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার এবং সকল বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে শ্রমিকের অধিকার ও দক্ষতা উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা।

# জাতীয় পর্যায়ে শ্রমক্ষেত্রে সংকট মোকাবেলা এবং জবাবদিহিমূলক শ্রম প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করতে জাতীয় স্থায়ী শ্রম কমিশন গঠন করা।

অ্যালায়েন্সের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জাতীয় শ্রমিক জোট সভাপতি মেসবাহউদ্দীন আহমেদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী আব্দুল কাদের হাওলাদার ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি এ আর চৌধুরী রিপন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, শ্রমিক নিরাপত্তা ফোরামের ভারপ্রাপ্ত সদস্য সচিব সেকেন্দার আলী মিনা ও নারীপক্ষ এর সদস্য রওশন আরা এসময় উপস্থিত ছিলেন।