পরিবেশবান্ধব কারখানা বাড়ল আরও দুটি
বাংলাদেশে পরিবেশবান্ধব পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা বেড়ে হল ২২৬টি।
দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক কারখানা শিল্পে যুক্ত হল আরও দুটি পরিবেশবান্ধব কারখানা।
ঢাকার আশুলিয়ার সাদাতিয়া সোয়েটার্স ও গাজীপুরের এক্সিকিউটিভ গ্রিনটেক্স লিমিটেডের পরিবেশবান্ধব সনদ পাওয়ার তথ্য দিয়েছে বিজিএমইএ।
নতুন দুটি কারখানা এ সনদ পাওয়ায় বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব ১০০টি কারখানার মধ্যে এখন ৬০টি বাংলাদেশের। শীর্ষ ১০টির মধ্যে ৯টিই বাংলাদেশে অবস্থিত।
যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এ সনদ দিয়ে থাকে। এ নিয়ে বাংলাদেশে পরিবেশবান্ধব তৈরি পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা বেড়ে হল ২২৬টি।
এর মধ্যে লিড প্লাটিনাম সনদ পেয়েছে ৮৯টি, ১২৩টি গোল্ড, ১০টি সিলভার ও চারটি কারখানা সার্টিফায়েড সনদ অর্জন করেছে।
শুক্রবার তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ এর পরিচালক মহিউদ্দিন রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘নতুন দুটি কারখানা সনদ পাওয়ায় পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে ২২৬টি হল। এটি একটি ভালো দিক। বিশ্বের দরবারে ব্রান্ডিংয়ের অপার সম্ভাবনা তৈরি হচ্ছে।’’
পরিবেশবান্ধব সনদ পেতে মোট ১০০ নম্বরের মধ্যে সাদাতিয়া সোয়েটার্স ৯১ পেয়ে লিড প্লাটিনাম এবং এক্সিকিউটিভ গ্রিনটেক্স ৬৯ নম্বর পেয়ে লিড গোল্ড সনদ অর্জন করতে পেরেছে।
শীর্ষ ১০ তালিকায় থাকা ৯ কোম্পানি হল- গাজীপুরের কোনাবাড়ীর এসএম সোর্সিং, ময়মনসিংহের গ্রিন টেক্সটাইল, গাজীপুরের নিট এশিয়া ও ইন্টিগ্রা ড্রেসেস, নারায়ণগঞ্জের রেমি হোল্ডিংস ও ফতুল্লা অ্যাপারেলস, গাজীপুরের লিডা টেক্সটাইল অ্যান্ড ডাইং ও লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ এবং মানিকগঞ্জের তারাসিমা অ্যাপারেলস।
