ঢাকায় বসছে ৪ দিনের ফেব্রিক ও ডেনিম প্রদর্শনী
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় পহেলা মার্চ এই প্রদর্শনী শুরু হবে।
বারোটি দেশের ৩৭০টির বেশি কোম্পানি অংশগ্রহণে ঢাকায় বসছে ‘ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক’ শো এর ১৯তম আসর এবং পঞ্চম ঢাকা আন্তর্জাতিক ডেনিম শো।
সেমস-গ্লোবাল ইউএসএ এবং চায়না টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাব-কাউন্সিল ‘চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড- সিসিপিআইটি’ যৌথভাবে এ আয়োজন করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রোববার ঢাকার গুলশানে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ থেকে ৪ মার্চ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চার দিনব্যাপী এই প্রদর্শনী হবে। সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে সব মিলিয়ে পাঁচশর বেশি বুথ থাকবে। এ শিল্পের জন্য অত্যাধুনিক ও নতুন প্রযুক্তি প্রদর্শনের জন্য একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম রাখা হবে।
সেমস গ্লোবালের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম বলেন, “কোভিড-১৯ মহামারীর পর ২০২১ সালে আমরা খুব সফলভাবে ‘টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো’ ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রদর্শনীর আয়োজন সফল্ভাবে সম্পন্ন করতে পেরেছিলাম।
“ব্যবসায়ী ও উদ্যোক্তা মহল থেকে ব্যাপক সাড়া পেয়েছি। সেই ধারাবাহিকতায় নিয়মিত আয়োজনের অংশ হিসেবে এ বছরের প্রথম প্রদর্শনী ‘১৯তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৩- শীতকালীন সংস্করণ’ এবং ‘পঞ্চম ঢাকা আন্তর্জাতিক ডেনিম শো ২০২৩’ আয়োজন করতে যাচ্ছি।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো এবং ঢাকা আন্তর্জাতিক ডেনিম শো বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের অন্যতম বড় ও পুরনো আন্তর্জাতিক প্রদর্শনী। এবারের প্রদর্শনী সেমস-গ্লোবাল ও সিসিপিআইটিটেক্সের মধ্যকার পঞ্চম যৌথ প্রচেষ্টা। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সেমস গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং পরিচালক অভিষেক দাস সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
