১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নতুন ফিচারে আসছে ইবিএলের স্কাইব্যাংকিং অ্যাপ

অ্যাপটি প্লেস্টোর ও অ্যাপস্টোরে পাওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2024, 12:43 AM

Updated : 10 Sep 2026, 12:10 PM

একগুচ্ছ নতুন ফিচার নিয়ে ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) মোবাইল ব্যাংকিং অ্যাপ ’স্কাইব্যাংকিং’ চালু করা হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন এ সংস্করণ উন্মোচন করা হয়, যাতে অসংখ্য ফিচার যুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, শুক্রবার (৫ জুলাই) ভোর ৬টা থেকে অ্যাপটি প্লেস্টোর ও অ্যাপস্টোরে পাওয়া যাবে।

স্কাইব্যাংকিং অ্যাপের নতুন সংস্করণটি উন্মোচন করেন ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।

তিনি বলেন, স্কাইব্যাংকিংয়ের নতুন সংস্করণে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রবাসীরা এটির মাধ্যমে দেশে টাকা ও ডলার পাঠাতে পারবেন। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি।

"সৃজনশীলতা চর্চা এবং সেবার ক্ষেত্রে এক্সিলেন্স নিশ্চিত করতে ইবিএল সদা সচেষ্ট। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং দ্রুত পরিবর্তনশীল আর্থিক প্রেক্ষাপটে এগিয়ে থাকতে আমাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে নতুন এই স্কাইব্যাংকিং অ্যাপে।”

অনুষ্ঠানে একটি লাইভ অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে ইবিএল স্কাইব্যাংকিংয়ের গ্রাহকবান্ধব বৈশিষ্ট্য এবং শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা তুলে ধরা হয়।

এ সময় স্কাইব্যাংকিংয়ের ‘নতুন মুখ’ হিসেবে সংগতি শিল্পী শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়ককে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অ্যাপটির নতুন সংস্করণে গ্রাহকরা তাদের নিজস্ব হিসাব পরিচালনা, লেনদেন, বিল পরিশোধসহ অন্যান্য অনেক সুবিধা পাবেন। 

গ্রাহকরা সহজে নিজস্ব ইবিএল অ্যাকাউন্ট, কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের মধ্যে ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট, মোবাইল নম্বরে রিচার্জ করতে পারবেন। 

অ্যাপের সাহায্যে গ্রাহকরা ব্যাংক বিবরণী, ব্যাংকের সনদপত্র, কর প্রদানের ইত্যাদি ডাউনলোড করার এবং বিভিন্ন উপলক্ষগুলোতে চাহিদা অনুযায়ী বিশেষ থিম পাবেন।

অধিকতর নিরাপত্তা নিশ্চিতের জন্য অ্যাপটিতে বাংলাদেশে প্রথমবারের মত বায়োমেট্রিক অথেন্টিকেশন (ফিংগার প্রিন্ট ও ফেইস স্ক্যান) সংযোজন করা হয়েছে বলে অনুষ্ঠানে দাবি করা হয়।

অনুষ্ঠানে বলা হয়, প্রবাসী বাংলাদেশিরা তার বিদেশি মোবাইল নম্বরের সাহায্যে স্কাইব্যাংকিংয়ে নিবন্ধন করে ইস্টার্ন ব্যাংকে স্থানীয় মুদ্রায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। অফশোর অ্যাকাউন্ট খোলার জন্যও তারা আবেদন করার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, ডিজিটাল আর্থিক সেবা প্রধান আহসান উল্লাহ চৌধুরী, ডিজিটাল ব্যাংকিং প্রধান আমীন মোঃ মেহদী হাসান, প্রযুক্তি উন্নয়ন ও ট্রান্সফর্মেশন বিভাগ প্রধান সঞ্জিত দত্ত উপস্থিত ছিলেন।