২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাক্তন কর্মীদের ‘হামলা’, বিচার দাবি সাইনোভিয়া ফার্মার

সরকারপতনের পরদিন সাইনোভিয়া ফার্মার প্রধান কার্যালয়ে হামলা চালানো হয় বলে কোম্পানির কর্মকর্তারা দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 12:02 AM

Updated : 10 Sep 2026, 12:14 PM

সরকার পরিবর্তনের পর সাইনোভিয়া ফার্মা পিএলসির প্রধান কার্যালয়ে ঢুকে প্রাক্তন কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে সাইনোভিয়া কর্তৃপক্ষ; এ ঘটনার বিচার দাবি করেছেন তারা।

ধানমন্ডিতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাইনোভিয়া ফার্মার চিফ অপারেটিং অফিসার মুঈন উদ্দিন মজুমদার এ দাবি করেন।

তিনি বলেন, গত ৭ অগাস্ট প্রাক্তন কর্মচারীরা সাইনোভিয়া ফার্মার প্রধান কার্যালয়ে ঢুকে কর্মচারীদের ওপর আক্রমণ ও স্থাপনার ক্ষতিসাধন করেন। ১৫০ জনেরও বেশি প্রাক্তন কর্মচারী হামলা ও ভাঙচুর চালায়। এখনও তারা কোম্পানির সামনে অবস্থান করছেন। এতে কোম্পানির প্রতিদিনের কার্যক্রম বিঘ্ন হচ্ছে।

এ অবস্থায় ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনুরোধ জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২১ সালের ১ অক্টোবর সানোফি বাংলাদেশ লিমিটেডের ৫৪ দশমিক ৬ শতাংশ শেয়ার কিনে মালিকানা অধিগ্রহণ করে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। তখন সানোফি বাংলাদেশের নাম পরিবর্তন করে সাইনোভিয়া ফার্মা পিএলসি রাখা হয়।

“আগের সানোফি গ্রুপ ২০২১ সালে তাদের মালিকানা প্রত্যাহারের সিদ্ধান্ত কর্মীদের জানালে ৯০০ কর্মীর মধ্যে ৩০০ জন কর্মবিরতিতে চলে যান। মালিকানা প্রত্যাহারের কারণে কর্মবিরতিকালীন তারা সানোফি গ্রুপের কাছ থেকে ‘বিশাল অংকের’ ক্ষতিপূরণ দাবি করেন।

“সানোফি গ্রুপ তাদের ‘অন্যায্য দাবি’ পূরণে অস্বীকৃতি জানায়। কোম্পানি ২০২২ সালের জানুয়ারি থেকে তাদের বেতন ভাতা বন্ধ করতে বাধ্য হয় এবং নতুন কর্মী নিয়োগ দেওয়া শুরু করে। এ অবস্থায় কর্মবিরতিতে যাওয়া কর্মীরা শ্রম আদালতে মামলা দায়ের করেন।”

মুঈন উদ্দিন মজুমদার বলেন, “লেবার কোর্টে দায়ের করা মামলা ছাড়াও ইতিমধ্যে আরও দুটি মামলা দায়ের হয়েছে। নতুন মামলা দুটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই তিনটি মামলাই বর্তমানে চলমান রয়েছে।”

মামলা চলার মধ্যে সরকার পালাবদলের পর প্রাক্তন কর্মীরা সাইনোভিয়া ফার্মা পিএলসির প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেন মুঈন উদ্দিন।

হামলার অভিযোগ ওঠা সানোফির প্রাক্তন কর্মীদের বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সংবাদ সম্মেলনে সাইনোভিয়ার হেড অব এইচআর সৈয়দ মাসউদুল হাসান, মার্কেটিং ডিরেক্টর সৈয়দ এ বি তাহমিদ, সিএফও গোলাম রাব্বানী আকন্দ এবং পরিচালক (বিজনেস অপারেশন অ্যান্ড সাপোর্ট) রেনেসা আহমেদ উপস্থিত ছিলেন।