ট্রাভেল এজেন্সি: অনিবন্ধিতদের ৬ নভেম্বরের মধ্যে আবেদনের নির্দেশ
অন্যথায়, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।
নিবন্ধন না নিয়ে নিবন্ধন ব্যবসা করা ট্রাভেল এজেন্সিগুলোকে ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
অন্যথায়, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সি অনুমোদন বা ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ না নিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।
এই ধরনের কার্যক্রম পরিচালনার ফলে আকাশপথে পরিবহন সংক্রান্ত অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও প্রতারণা সংক্রান্ত অপরাধের সংখ্যা বাড়ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ইতোপূর্বে মন্ত্রণালয় হতে বিভিন্ন সময়ে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে আইন ও বিধি অনুযায়ী নিবন্ধনের জন্য নির্দেশনা প্রদান করা হলেও সেটি যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না।”
মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী নিবন্ধন সনদ ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নবায়ন না করে ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা করা আইনের গুরুতর লঙ্ঘন ও অপরাধ।
এ অবস্থায়, অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনাকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে (www.regtravelagency.gov.bd) আগামী ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধন আবেদন করতে বলেছে মন্ত্রণালয়।
নির্ধারিত তারিখ পার হওয়ার পর নিবন্ধন ছাড়া কোনো ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা করলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।
