২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবিধাবঞ্চিতদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড-জাগো ফাউন্ডেশনের ডিজিটাল ক্লাসরুম প্রজেক্ট

ঢাকার রায়ের বাজার ও বনানীসহ ৯ জেলার ১০টি জায়গায় ডিজিটাল ক্লাসরুম স্থাপন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2022, 09:55 PM

Updated : 14 Dec 2022, 09:55 PM

ডিজিটাল ক্লাসরুম প্রজেক্টের মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সুশিক্ষা নিশ্চিতে কাজ শুরু করছে জাগো ফাউন্ডেশন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ।

এ উদ্যোগের আওতায় ঢাকার রায়ের বাজার ও বনানী, চট্টগ্রাম, রাজশাহী, হবিগঞ্জ, টেকনাফ, দিনাজপুর, মাদারীপুর, রংপুর ও গাইবান্ধা জেলার ১০টি জায়গায় ডিজিটাল ক্লাসরুম স্থাপন করা হয়েছে, যার পৃষ্ঠপোষকতা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বলে বুধবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, জাগো ফাউন্ডেশনের অনলাইন লার্নিং সুবিধার পাশাপাশি গাইবান্ধা ও রংপুরে সশরীরে শিক্ষাব্যবস্থা উন্নত করতে ও সুবিধা প্রদানে সাহায্য করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। উদ্যোগের অংশ হিসেবে জাগো ফাউন্ডেশনের ৪ হাজার ১৯২ জন শিক্ষার্থীকে স্টেশনারি ও যাবতীয় শিক্ষাসামগ্রী দিয়েছে ব্যাংকটি।

“এর মাধ্যমে শিক্ষার্থীরা যেকোন জায়গায় বসেই পড়ালেখা করতে পারবে, যা হবে আরও সহজ ও আনন্দদায়ক,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি হেড অব করপোরেট অ্যাফেয়ার্স এবং ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের বিটপী দাস চৌধুরী বলেন, “সাম্প্রতিক মহামারীর ফলে বিশ্বব্যাপী এক বিলিয়নেরও অধিক শিশুর শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে প্রযুক্তিগত সুযোগের অভাবে সুবিধাবঞ্চিতদের উপর এই প্রভাব বেশি পড়েছে।

“জাগো’র ডিজিটাল ক্লাসরুম উদ্যোগে অংশ নেওয়ার মাধ্যমে দেশব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্পন্ন শিক্ষা আরও সহজলভ্য করে তুলতে পারব বলে আমরা আশাবাদী।”

জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কোরভি রাকশান্দ বলেন, “বর্তমানে শিক্ষার্থীরা শুরু থেকেই ডিজিটাল শিক্ষার সাথে পরিচিত হয়ে উঠছে এবং পূর্বের তুলনায় এখন এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি প্রতিটি শিশুই সুশিক্ষা লাভের যোগ্য। আমাদের এই প্রজেক্টটি সম্ভব হওয়ার পিছে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ভূমিকা অনস্বীকার্য।

“টেলিভিশন, নোটবুকসহ অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী অনুদান দিয়ে আমাদের পাশে থাকার জন্য জাগো ফাউন্ডেশন কৃতজ্ঞ।”