নতুন আরও ৬৩ সেবা কেন্দ্র চালু করল বিকাশ
এসব সেবাকেন্দ্রে নতুন অ্যাকাউন্ট খোলা, তথ্য হালনাগাদ করা, বিভিন্ন ধরনের অভিযোগের সমাধান করা, স্টেটমেন্ট গ্রহণ, প্রযুক্তিগত সেবা পাওয়াসহ বিকাশ-এর যে কোনো ধরনের সেবা পেতে পারেন গ্রাহকরা।
গ্রাহকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নতুন ৬৩টি সেবা কেন্দ্র চালু করেছে বিকাশ।
এ নিয়ে দেশজুড়ে ৩৫৬টি সেবাকেন্দ্র চালু করা হল বলে বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, সেবা কেন্দ্রের পাশাপাশি হেল্পলাইন নম্বর ১৬২৪৭, লাইভ চ্যাট, সাপোর্ট মেইল, ফেইসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন মাধ্যমে ২৪ ঘণ্টা গ্রাহকদের অ্যাকাউন্ট সম্পর্কিত সব ধরনের সেবা নিশ্চিত করছে বিকাশ।
এসব সেবাকেন্দ্রে নতুন অ্যাকাউন্ট খোলা, তথ্য হালনাগাদ করা, বিভিন্ন ধরনের অভিযোগের সমাধান করা, স্টেটমেন্ট গ্রহণ, প্রযুক্তিগত সেবা পাওয়াসহ বিকাশ-এর যে কোনো ধরনের সেবা পেতে পারেন গ্রাহকরা।
সাধারণ সময়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত (সপ্তাহে ৭ দিন, সরকারি ছুটি ব্যতীত) সেবা পেতে পারেন গ্রাহকরা। নির্দিষ্ট এলাকা ভেদে গ্রাহকসেবা কেন্দ্রের সময়সূচিতে কিছুটা ভিন্নতা রয়েছে। তবে সেবা কেন্দ্রগুলোতে গ্রাহক থাকা পর্যন্ত সেবা নিশ্চিত করা হয়। প্রতিদিন প্রায় এক লাখ গ্রাহক এসব কেন্দ্র থেকে সেবা নেন বলে বিকাশের ভাষ্য।
গ্রাহকরা বিকাশ অ্যাপের ম্যাপ অপশন ব্যবহার করে দেশের ৬৪ জেলার যে কোনো প্রান্ত থেকে তার নিকটস্থ গ্রাহক সেবা কেন্দ্র খুঁজে নিতে পারেন।
তাছাড়া বিকাশের ওয়েবসাইট থেকেও বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রের ঠিকানা এবং যোগাযোগের বিস্তারিত তথ্য জানার সুযোগ রয়েছে।
