২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়েছে সার ও গমের আমদানি খরচ

আন্তর্জাতিক বাজার থেকে গম, ইউরিয়া ও এমওপি সার আমদানির তিনটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বেড়েছে সার ও গমের আমদানি খরচ
ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2022, 01:31 AM

Updated : 28 Jul 2022, 01:31 AM

গম ও সার আমদানির তিনটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আন্তর্জাতিক বাজার থেকে এসব পণ্য কিনতে গত সপ্তাহের চেয়ে বেশি টাকা গুণতে হয়েছে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক জানান, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে কেনাকাটার এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ২২৩ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ৫০ টাকায় সিঙ্গাপুরের ইন্ট্রা বিজনেস কোম্পানির কাছ থেকে ৫০ হাজার টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

প্রতিকেজি গমের দাম পড়েছে ৪৪ টাকা ৭৫ পয়সা।

গত সপ্তাহে যে গম আমদানির অনুমোদন দেওয়া হয় তাতে প্রতিকেজি গমের দাম ছিল ৪১ টাকা ৯০ পয়সা।

কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) প্রস্তাবে এক হাজার ৩৯ কোটি ৫০ লাখ টাকায় বেলগ্রেডের লিভিং স্টোন রিসোর্স নামের প্রতিষ্ঠান থেকে এক লাখ টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

আগের চালানে এই সারের দাম প্রতিটন ৮৭৮ দশমিক ৭৫ ডলার পড়লেও এবার খরচ পড়ছে ১ হাজার ১০০ ডলার।

আরেকটি প্রস্তাবে বিসিআইসিকে ২০২২-২০২৩ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে প্রথম লটে ৩০ হাজার টন ‘ব্যাগড গ্র্যানুলার’ ইউরিয়া সার ১৫৯ কোটি ১৮ লাখ ৩৭ হাজার ৫০০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান এই অতিরিক্ত সচিব।