১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

নেপালে জলবিদ্যুৎ উৎপাদনের যে বিপুল সম্ভাবনা রয়েছে, সে কথা বৈঠকে তুলে ধরেন দেশটির প্রধানমন্ত্রী।

নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোমে ফুড সিস্টেম’ সম্মেলনের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 04:09 PM

Updated : 25 Jul 2023, 04:09 PM

স্থলবেষ্টিত দেশ নেপালকে আমদানি-রপ্তানি বাণিজ্যের জন্য বাংলাদেশের পায়রা বন্ধ ব্যবহার করতে দিতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাসস জানায়, রোমে বিশ্ব খাদ্য সংস্থার (এফএও) সদর দপ্তরে ‘ফুড সিস্টেম’ সম্মেলনের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রস্তাব দেন বাংলাদেশের সরকারপ্রধান।  

এফএও সদর দপ্তরে সদ্য খোলা বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষে ওই দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, “বাংলাদেশ ইতোমধ্যে নেপালের জন্য মোংলা ও চট্টগ্রাম বন্দর খুলে দিয়েছে। নেপাল নবনির্মিত পায়রা বন্দরও ব্যবহার করতে পারে।”

মোমেন জানান, আন্তঃআঞ্চলিক যোগাযোগ বাড়াতে বাংলাদেশ সৈয়দপুর বিমানবন্দরকে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলছে, সে কথা প্রধানমন্ত্রী বৈঠকে বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন নেপালের সরকারপ্রধান। সফলভাবে দেশ পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনারও প্রশংসা করেন তিনি।

Image

রোমে ফুড সিস্টেম’ সম্মেলনের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুষ্প কমল দাহাল বৈঠকে শেখ হাসিনাকে বলেন, “আপনি আমাদের অঞ্চলের নেতা।”

নেপালে জলবিদ্যুৎ উৎপাদনের যে বিপুল সম্ভাবনা রয়েছে, সে কথা বৈঠকে তুলে ধরেন দেশটির প্রধানমন্ত্রী।

এ বিষয়ে শেখ হাসিনা বলেন, নেপাল থেকে ভারতের ওপর দিয়ে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুতের প্রথম ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য শুরু হওয়ার পর বাংলাদেশ আরও নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে জলবিদ্যুৎ আমদানির পদক্ষেপ নেবে।

নেপালের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী যে বাংলাদেশে পড়াশোনা করছে, সে কথাও বৈঠকে বলেন পুষ্প কমল দাহাল।

অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।