চট্টগ্রামে চিকিৎসকদের সঙ্গে ইসলামী ব্যাংক হাসপাতালের মতবিনিময়
রাজধানীতে নতুন দুটি সেবাকেন্দ্র চালু করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।
নতুন দুটি সেবাকেন্দ্রের তথ্য জানাতে চট্টগ্রামে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেছে ইসলামী ব্যাংক হাসপাতাল।
চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে বৃহস্পতিবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
সভায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নতুন দুটি সেবাকেন্দ্র ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার মিরপুর ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি ‘আধুনিক সেবামান’ তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও কনসালটেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল আলম বলেন, চিকিৎসার জন্য আর কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে বিদেশে যেতে হবে না।
তিনি বলেন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরিতে সব পরীক্ষা-নিরীক্ষা করানো যাবে।
“ল্যাবটি এদেশের চিকিৎসকদের জন্য রেফারেল ল্যাব হিসেবে কাজ করবে, যা এদেশের চিকিৎসা সেবার একটি মাইলফলক।”
ইসলামী ব্যাংক বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ বলেন, “মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার অত্যাধুনিক মেশিনারিজ, দক্ষ চিকিৎসক ও টেকনিশিয়ানের সমন্বয়ে গঠিত একটি হাসপাতাল যেখানে সাধারণ মানুষ স্বল্পমূল্যে উন্নতমানের কার্ডিয়াক ও জেনারেল চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।”
ইসলামী ব্যাংকের ডেবিট, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন গ্রাহকরা বিশেষ ছাড় পাবেন বলে জানিয়েছেন তিনি।
সভায় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, ফাউন্ডেশনের জিএম ও হেড অব অপারেশনস উইং মো. আবুল কালামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
