Published : 29 Sep 2025, 02:48 PM
বিভিন্ন ধরনের ওজন ও পরিমাপক যন্ত্রাংশের সঠিকতা যাচাই ও প্রত্যয়নের ফি বা ‘ক্যালিব্রেশন ফি’ কমিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বিএসটিআইয়ের ৪১তম কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মান নিয়ন্ত্রক সংস্থাটি।
বিএসটিআই বলছে, সেবাগ্রহীতাদের দাবি ও মানসম্পন্ন পণ্য উৎপাদনে উৎসাহ দিতে ক্যালিব্রেশন ফি কমানো হয়েছে। প্রতিষ্ঠানের ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি (এনএমএল) অ্যাক্রেডিটেড ছয়টি ল্যাবরেটরি থেকে দেওয়া ক্যালিব্রেশন সেবা মূল্য কমানো হয়েছে।
সংস্থাটির সম্পাদক মঈনুদ্দীন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যালিব্রেশনের অনেকগুলো প্যারামিটার রয়েছে। প্যারামিটার ধরে বিভিন্ন হারে এটি কমানো হয়েছে। গড়ে প্রায় অর্ধেক ফি কমানো হয়েছে।”
সাধারণত বিএসটিআইয়ের ক্যালিব্রেশন ফি হল বিভিন্ন ধরনের ওজন ও পরিমাপক যন্ত্রাংশ সঠিকভাবে পরিমাপ করা হয়েছে কিনা, তা পরীক্ষা ও প্রত্যয়নের জন্য নির্দিষ্ট ফি। এই ফি যন্ত্রাংশের প্রকার ও পরিমাপ ক্ষমতার ওপর নির্ভর করে।
বিএসটিআই বলছে, ফি কমানোর ফলে শিল্প কারখানা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, টেস্টিং ও ক্যালিব্রেশন ল্যাবরেটরি, সরকারি বা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, এলপিজি বা এলএনজি বটলিং প্লান্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত নানাবিধ যন্ত্রপাতি পূর্বের তুলনায় অর্ধেকেরও কম মূল্যে ‘আন্তর্জাতিক মানসম্পন্ন' ক্যালিব্রেশন সেবা গ্রহণ করতে পারবে।
অ্যাক্রেডিটেশন প্রাপ্ত ছয়টি ল্যাবের মধ্যে ম্যাস মেজারমেন্ট ল্যাবরেটরি থেকে বাটখারা, ওজনযন্ত্র; লেন্থ অ্যান্ড ডাইমেনশন ল্যাবরেটরি থেকে মিটার স্কেল, মেজারিং টেপ, মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার্স, থিকনেস গেজ, গেজ ব্লক ইত্যাদি; ভলিউম মেজারমেন্ট ল্যাবরেটরি থেকে ভলিউমেট্রিক মেজার্স, গ্লাসওয়ার, মাইক্রোপিপেট ইত্যাদি; টেম্পারেচার মেজারমেন্ট ল্যাবরেটরি থেকে থার্মোমিটার, ওভেন, ফারনেস, অটোক্লেভ, ইনকিউবেটর, হাইগ্রোমিটার, ডাটালগার; ফোর্স অ্যান্ড প্রেসার ল্যাবরেটরি থেকে প্রেসার গেজ, ব্লাড প্রেসার মেশিন এবং ইলেকট্রিক্যাল; টাইম অ্যান্ড ফ্রিকুয়েন্সি ল্যাবরেটরি থেকে স্টপওয়াচ, টাইমার, ভোল্টেজ (এসি/ডিসি), কারেন্ট (এসি/ডিসি), রেজিস্টেন্স, ওহমমিটার, ক্যাপাসিটেন্স, ওয়াটমিটার, ক্লাম্পমিটার ইত্যাদি ‘সুলভ’ মূল্যে পরীক্ষা করা যাচ্ছে।