২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেক্স জি’ সিরিজের নতুন স্মার্টফোন আনল ওয়ালটন

ফোনটির উভয় পাশের ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে একসঙ্গে; দাম পড়বে ১৬ হাজার ২৭৪ টাকা।

‘নেক্স জি’ সিরিজের নতুন স্মার্টফোন আনল ওয়ালটন
ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘নেক্সজি এন১০’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2024, 11:18 PM

Updated : 26 Aug 2026, 10:30 AM

বাজারে 'নেক্স জি' সিরিজের নতুন মডেলের স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন।

দৃষ্টিনন্দন ডিজাইনের ‘নেক্সজি এন১০’ মডেলটিতে ৬.৭ ইঞ্চির এইচডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহৃত হয়েছে। এটি ২.০ গিগাহার্টস গতির এআরএম কর্টেক্স-এ৭৬ অক্টাকোর প্রসেসর।

মোবাইল ফোনের পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে সেলফির জন্যও রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যমেরা। ৮ জিবি র‍্যাপিড মেমোরি র‍্যাম, ডিসপ্লেতে ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং সাইড মাউন্টেড ফিংগার প্রিন্ট স্ক্যানার রয়েছে। রয়েছে শক্তিশালী ব্যাটারিসহ বিভিন্ন অত্যাধুনিক ফিচার।

ওয়ালটনের জনসংযোগ বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে, ভ্যাটসহ ফোনটির দাম পড়বে ১৬ হাজার ২৭৪ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসে ই-কমার্স ওয়েবসাইট ওয়ালটন ই-প্লাজা (https://shorturl.at/zXYog) থেকেও এটি কেনা যাবে সহজে।

ওয়ালটন মোবাইলের হেড অব ব্র্যান্ডিং মাহবুবুল হাসান মিলটন বলেন, এম্বইলাইট গোল্ড, ক্রিস্টাল ব্ল‍্যাক এবং শাইনি গ্রিন- এ তিন রঙে ফোনটি বাজারে এসেছে।

ওয়ালটন মোবাইল বিভাগের কর্মকর্তা হাবিবুর রহমান তুহিন বলেন, “অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের এ ফোনে র‍্যাপিড মেমোরি টেকনোলজি ব্যবহৃত হয়েছে। ফলে ব্যবহারকারীরা ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সুবিধা পাবেন।

“গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫২ এমসি২। ফলে ফোনের কার্যক্ষমতা ও গতি হবে অনেক বেশি। বিভিন্ন অ্যাপসের ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে।”

ফোনটিতে আরও যা আছে

ওয়ালটন জানিয়েছে, ফোনটির টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্জ। ডিসপ্লেতে পাওয়া যাবে ৭০০ নিটস পিক ব্রাইটনেস। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে দারুণ অভিজ্ঞতা মিলবে।

ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশ, অটোফোকাস এবং পিডিএএফসহ এআই ট্রিপল ক্যামেরা। সেইসঙ্গে পেছনের ও সামনের ক্যামেরা ব্যবহার করে একসঙ্গে ভিডিও করা যাবে। ফেস ডিটেকশন ও ডিজিটাল জুমের মত এআই সমৃদ্ধ ফিচার রয়েছে ফোনে।

ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ হাই-ক্যাপাসিটি লি-পলিমার ব্যাটারি। রয়েছে ১৮ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটির ডায়নামিক ক্যাপসুল, অ্যাপ লক, ভিডিও প্রো, কুইক ট্যাপ, অ্যাপ ক্লোন, থ্রি ফিংগার স্ক্রিনশট, অ্যান্টিফেক টাচ মোড ও স্মার্ট টাচ ইত্যাদি সুবিধা রয়েছে।

স্মার্টফোনটিতে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন গ্রাহকরা।