মোটরসাইকেল ব্যবসায় নামছে প্রাণ-আরএফএল
শুরুতে টিভিএস ব্র্যান্ডের মোটরসাইকেল বাংলাদেশে সংযোজন করতে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করছে প্রাণ-আরএফএর গ্রুপ।
ভোগ্যপণ্য থেকে শুরু করে দেশের ১৮টি খাতে ব্যবসা চালিয়ে আসা প্রাণ-আরএফএল গ্রুপ এবার মোটরসাইকেল ব্যবসায় নামছে।
প্রথম দিকে ভারতীয় টিভিএস ব্র্যান্ডের মোটরসাইকেল সংযোজন করে বাজারে বিক্রি করবে গ্রুপটি। কয়েক বছরের মধ্যে উৎপাদনের পুরোটা দেশেই করার পরিকল্পনা রয়েছে তাদের।
মঙ্গলবার ঢাকায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, “উৎপাদন খরচ যতটা সম্ভব কমিয়ে এনে আমরা টিভিএস মোটরসাইকেল বাজারজাত করব। ভবিষ্যতে মোটরসাইকেলের যন্ত্রাংশ পুরোটা দেশেই উৎপাদন করার চেষ্টা করবে প্রাণ-আরএফএল গ্রুপ।”
বর্তমানে হবিগঞ্জে নিজস্ব ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইলেক্ট্রিক স্কুটার ও সাইকেল উৎপাদন করছে প্রাণ-আরএফএল। সেই কাঠামোর সঙ্গে ২০০ কোটি টাকার যন্ত্রাংশ স্থাপন করে টিভিএস ব্র্যান্ডের মোটরসাইকেল সংযোজনের পরিকল্পনা নিয়েছে গ্রুপটি।
মোটরসাইকেল ও ইলেক্ট্রিক স্কুটার উৎপাদন খাতে ‘৫০০ কোটি টাকা’র বিনিয়োগ করা হবে আগামী কয়েক বছরের মধ্যে। বিনিয়োগের ‘৪০ শতাংশই’ নিজস্ব পুঁজি ও অবশিষ্ট অংশ ব্যাংক ঋণ নিয়ে যোগান দেওয়া হবে।
বর্তমানে ভারতীয় টিভিএস মোটরসাইকেলের বাংলাদেশে সংযোজন করে ব্যবসা করছে র্যাংগস গ্রুপ। চলতি মাসের শেষের দিকে র্যাংগসের কারখানায় সংযোজন করে প্রথম চালানটি বাজারে আনবে প্রাণ-আরএফএল গ্রুপ।
মোটরসাইকেলের পরবর্তী চালান হবিগঞ্জের নিজস্ব কারখানায় সংযোজন করে বাজারজাত করার কথা তুলে ধরে আরএন পাল বলেন, “আমরা ব্যবসাটি কিনে নিয়েছি। বর্তমান টিভিএসের গ্রাহকরাও বিক্রয় পরবর্তী সেবা আমাদের কাছে পাবে।”
“আমরা আমাদের কারখানায় মেড ইন বাংলাদেশ টিভিএস মোটরসাইকেল তৈরি করার লক্ষ্যে শিগগিরই কাজ শুরু করব। এজন্য কয়েক ধাপে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। কারখানা নির্মাণে টিভিএস আমাদেরকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। নতুন মডেল, উন্নত ব্রেকিং সিস্টেম ও উন্নত বিক্রয়োত্তর সেবার মাধ্যমে আমরা এই ব্র্যান্ডটিকে আবারো শীর্ষস্থানে নিয়ে যেতে চাই।”
আরএফএল গ্রুপের বাইক ব্যবসার প্রধান পরিচালন কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, “ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ আমাদের হাত ধরে টিভিএস ব্র্যান্ডের মোটরসাইকেল বাজারজাত শুরু হবে। চলতি বছরেই হবিগঞ্জে আমাদের নিজস্ব কারখানায় পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে আমরা আশা করছি।”
