২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএর সঙ্গে আইএমএফএর বৈঠক

পোশাক খাতের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের ঝুঁকিগুলো সম্পর্কে অবহিত হতে চেয়েছে আইএমফ, বৈঠকের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলেছে বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 01:35 AM

Updated : 26 Aug 2026, 02:36 PM

ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সঙ্গে বৈঠক করেছে।

বুধবার সংগঠনের উত্তরা কার্যালয়ে এ আলোচনায় পোশাক রপ্তানিতে মার্কিন শুল্কের সম্ভাব্য প্রভাব, বাংলাদেশের আসন্ন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রভাব, শিল্পের টেকসই প্রবৃদ্ধি এবং মূল্য-সংযোজিত পণ্যে বৈচিত্র্য আনার কৌশল নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে আলোচনার বিষয়বস্তু তুলে ধরা হয়।

এতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনাও বিশেষভাবে গুরুত্ব পায়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে বৈঠকে আইএমএফের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ কিয়াও চেন, রুইফেং ঝাং ও আয়া সাইদ অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএমএফএর দিক থেকে বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা সম্পর্কে নিশ্চিত হওয়া ও পোশাক খাতের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের ঝুঁকিগুলো সম্পর্কে অবহিত হওয়া। বৈশ্বিক অস্থিরতার মধ্যেও এ খাতের প্রবৃদ্ধির কৌশলগত উপায় নিয়ে উভয় পক্ষ কথা বলেন।

ব্ঠৈকে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে পোশাক শিল্পের অবদানসহ এ খাতের বিভিন্ন দিক ও কৌশলগত রূপকল্প তুলে ধরেন বিজিএমইএ নেতারা। তারা বলেন, পোশাক শিল্প বর্তমানে শ্রমনির্ভর মডেল থেকে বেরিয়ে মূল্য-সংযোজিত পণ্য, উদ্ভাবন এবং প্রযুক্তিগত মানোন্নয়নের মাধ্যমে একটি উচ্চমূল্যের মডেলে স্থানান্তরিত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ রূপান্তরের অংশ হিসেবে ম্যান-মেইড ফাইবার ও কারিগরি বস্ত্রভিত্তিক পোশাক তৈরিতে সক্ষমতা বাড়ানো এবং শ্রমিকদের দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

বৈঠকে বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি রেজোয়ান সেলিম, সহ ভিদিয়া অমৃত খান, পরিচালক নাফিস- উদ- দৌলা ও রশিদ আহমেদ হোসাইনী উপস্থিত ছিলেন।

চলমান ঋণের পরের কিস্তি ছাড়ের আগে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থের ব্যবহার দেখতে ঢাকায় এসেছে আইএমএফ রিভিউ মিশন।

গত ২৯ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে সরকারের বিভিন্ন দপ্তর ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করছে সফররত দলটি। আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ক্রিস পাপাজর্জির নেতৃত্বে দলটি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকবে।