চট্টগ্রামে সেমাই-নুডলসের বিক্রি কমেছে
পুরো রোজায় সেমাই ও নুডলস নিয়ে নানা নেতিবাচক খবরের পর এবার চট্টগ্রামে ঈদে অতিথি আপ্যায়নের এই জনপ্রিয় অনুসঙ্গ দুটির বিক্রি কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
প্রতিবেশী দেশে ভারতে ম্যাগি নুডলসে ক্ষতিকর উপাদান পাওয়ার খবর এবং জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ভেজালবিরোধী অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির চিত্র উঠে আসায় এ দুটি পণ্যের বিক্রি কমেছে বলে বন্দরনগরীর বিভিন্ন বাজারের দোকানদার ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল।
ঈদের আগের দিন শুক্রবার নগরীর রিয়াজউদ্দিন বাজারের মেসার্স আল-ফারুক স্টোরের ম্যানেজার কাইয়ুম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের তুলনায় সেমাই ও নুডলসের চাহিদা এবার অনেক কম।
“গত বছর যেখানে প্রতিদিন ৬০ থেকে ৭০ কেজি সেমাই বিক্রি করেছি, সেখানে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র দশ কেজি বিক্রি হয়েছে।”
সেমাই ও নুডলসের বিক্রি কমলেও হালিম, ক্ষিরমিক্স, ফালুদা তৈরির উপকরণের বিক্রি বেড়েছে বলে জানান কাইয়ুম।
নগরীর চেরাগী মোড়ের লাকি স্টোরের সুমন নন্দীর দাবি, এবার চিনি ও সেমাইয়ের দাম গতবছরের তুলনায় কম।
তিনি জানান, প্রতি কেজি চিনি এবার বিক্রি হচ্ছে ৩৮ টাকায়। গত বছর ছিল ৫৫ টাকা।
সেমাইয়ের চাহিদা কমায় কিসমিসেরও চাহিদা কমেছে বলে জানান সুমন।
রিয়াজউদ্দিন বাজারের খুচরা কিসমিস বিক্রেতা আবদুল আলী বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানান, গত বছর তিনজনে মিলে কিসমিস বিক্রি করেছিলেন। এবছর তেমন বিক্রি-বাট্টা নেই।
প্রতি ১০০ গ্রাম ‘পাকিস্তানি গোল্ডেন কিসমিস’ এবার ৬০ টাকায় ও ইরানি কিসমিস ৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
ঈদের আগের দিন বাজারে দাম বেড়েছে ব্রয়লার মুরগির। প্রতি কেজি ব্রয়লার মুরগি গত সপ্তাহে ১৫০ টাকায় বিক্রি হলেও শুক্রবার বিক্রি হয়েছে ১৬৫ টাকায়।
মুরগির দাম বাড়লেও মাছ আর মাংসের দাম মোটামুটি স্থিতিশীল। কাঁচাবাজারে প্রতি কেজি রুই মাছ ১৮০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
নাইলোটিকা মাছ ১৬০ থেকে ১৮০ টাকা, লইট্টা মাছ ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
গরুর মাংসও বিক্রি হচ্ছে আগের দামে। রিয়াজউদ্দিন বাজারে প্রতিকেজি ৪৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে শুক্রবার।
