নিউ ইয়র্ক ফ্লাইট: সেপ্টেম্বরের মধ্যে শর্ত পূরণের আশা মন্ত্রীর
ঢাকা-নিউইয়র্ক রুটে আবারও ফ্লাইট চালুর জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাসোসিয়েশনের (এফএএ) দেওয়া সব শর্ত আগামী সেপ্টেম্বর মাস নাগাদ পূরণ করা যাবে বলে আশা করছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
১৪ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় শ্রমিক লীগের এক ইফতার অনুষ্ঠানে বক্তব্যে এই আশাবাদ প্রকাশ করেন তিনি।
বন্ধ এই রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে বিমান মন্ত্রী বলেন, “ফেডারেল এভিয়েশন অথরিটির দেওয়া ক্রাইটেরিয়ার প্রায় সবগুলোই পূরণ করা হয়েছে। সামান্য কিছু শর্ত অপূর্ণ রয়েছে। সেগুলো সেপ্টেম্বরের মধ্যেই পূরণ করা সম্ভব হবে।আমরা আশা করছি তারপরই বিমান উড়বে এ পথে।”
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ নিউ ইয়র্কে থাকায় ঢাকার সঙ্গে বিমানের ফ্লাইট চালুর দাবি তারা জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। সরকারের তরফ থেকেও বিভিন্ন সময়ে এ বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে কোনো দেশের উড়োজাহাজের ফ্লাইট চালাতে হলে সে দেশের ফেডারেল এভিয়েশন অ্যাসোসিয়েশনের (এফএএ) ক্যাটাগরি-১ ছাড়পত্র দরকার হয়। বাংলাদেশের এই ছাড়পত্র না থাকায় ১৯৯৬ সালে এফএএর নিষেধাজ্ঞায় ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট বন্ধ হয়ে যায়।
এই রুট আবার বিমানের জন্য খুলতে ২০১৩ সালের ১৭ অগাস্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করে বাংলাদেশ।
জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের ওই অনুষ্ঠানে মেনন বলেন, বিএনপি শাসনামলের দুর্নীতির জের তার মন্ত্রণালয়কে এখনও বইতে হচ্ছে।
“দুর্নীতি আর অব্যবস্থাপনার শিকার হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিএনপি আমলের সে সব দুর্নীতির জের এখনও বইতে হচ্ছে।”
যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জুয়েল আহমেদের পরিচালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা সোলায়মান আলী, চন্দন দত্ত, শাহ বখতিয়ার, এম এ মালেক, বিএম জাকির হোসেন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ শাহনাজ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু।
