২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে চড়া মাংসের বাজার

ঈদের আগে চাহিদা বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন বাজারে মাংসের দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 11:51 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

মুরগি ও খাসির মাংস বিক্রেতারা ‘অযৌক্তিকভাবে’ দাম বাড়িয়েছেন বলে আভিযোগ করেছে খোদ মাংস ব্যবসায়ী সমিতি।

বুধবার নিউ মার্কেট বাজারে মাংস কিনতে গিয়ে সঞ্চিতা মোস্তাকিমের চোখে দাম বাড়ার বিষয়টি নজরে আসে।  

তিনি ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০ টাকা, গরুর মাংস ৪০০ টাকা ও খাসির মাংস ৬০০ টাকা দরে কিনেছেন।

সঞ্চিতা বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “প্রতি কেজি মাংসে ব্যবসায়ীরা ঈদ বোনাসের কথা বলে ৫০ টাকা করে বেশি রাখছেন।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শান্তিনগর কাঁচাবাজারেও ব্যবসায়ীরা প্রতি কেজি মাংসে ৫০ থেকে ৭০ টাকা বেশি নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফিরোজ রশীদ বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, ঈদের আগে শান্তিনগর বাজারে সাড়ে ৫শ’ টাকায় খাসির মাংস কিনলেও বুধবার ৬শ’ টাকায় কিনতে হয়েছে।

মোহাম্মদপুর এলাকার বাসিন্দা প্রাইভেটকার চালক মো. হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার টাউন হল বাজার থেকে ঈদের জন্য ৭০০ টাকায় দুইটা দেশি মুরগী কিনেছি। কয়েকদিন আগে এই মুরগির দাম ছিল ৬শ টাকারও কম।”

বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচ মাস আগেও ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সীমান্ত দিয়ে গরু আনা একদম বন্ধ ছিল।

“তখন গরুর মাংস ২৮০ থেকে ৪শ’ টাকা কেজি হয়ে গিয়েছিল। কিছু ব্যবসায়ী দেশের লোকজনের চাহিদা মেটাতে মিয়ানমার থেকে গরু আনা শুরু করেছিলেন। তবে সীমান্তে বিজিবি সদস্য আবদুর রাজ্জাককে নিয়ে ঝামেলার কারণে সেখান থেকেও গরু আনা যাচ্ছিল না। তাই ওই সময়টায় গরুর মাংসের দাম অনেকটাই বেড়ে গিয়েছিল।”

সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর শেষে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হওয়ায় বাজারে ভারতীয় গরুর মাংস পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

“বিভিন্ন বাজারে এখন গরুর মাংস এখন ৩৬০/৩৭০ টাকায় পাওয়া যাচ্ছে।”

তবে মুরগি ও খাসির মাংস ব্যবসায়ীরা হঠাৎ মাংসের দাম বাড়িয়ে দিয়েছে, যার কোনো যৌক্তিক উত্তরও তারা দিতে পারবে না, বলেন তিনি।