অনলাইনে ঈদ বাজার
কয়েকবছর আগে অনলাইনে কেনাকাটার যে ধারাটির সূচনা, এখন তা অনেক বেশি মানুষের নাগালের মধ্যে। প্রতিদিনই বাড়ছে এর জনপ্রিয়তা; বাদ যাচ্ছে না ঈদের কেনাকাটাও।
বিরক্তিকর যানজট ঠেলে বিপণি বিতানে ঘোরার বদলে অনেকেই এখন অনলাইনে পছন্দের পণ্যটি কিনে নিচ্ছেন। ইন্টারনেটের ‘দোকানগুলো’ ঢাকার বাইরেও ক্রেতাদের পৌঁছে দিচ্ছে চাহিদামাফিক পণ্য।
এক্ষেত্রে পণ্যের দাম পড়ে বাজারের মতোই। তার সঙ্গে যুক্ত হয় বাড়ি পৌঁছে দেওয়ার খরচ। তবে দরদামের ঝক্কি থাকে না, সময়ও বাঁচে। পণ্যে সমস্যা থাকলে ফেরতও নেয় অনেক প্রতিষ্ঠান।
এবার ঈদে অনলাইনে ২০ কোটি টাকার পণ্য বিক্রির প্রত্যাশা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরেমশন সার্ভিসের (বেসিস) ই-কমার্স অ্যালায়েন্স।
গত দুই বছর ধরেই অনলাইনে কেনাকাটা করেন বেসরকারি টেলিভিশনের সংবাদ উপস্থাপক ফারহানা ন্যান্সি। এবার ঈদের শাড়িও সেভাবেই কিনেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যেটা হয়, বাজারে হুটহাট দেখে কিনে নিয়ে আসা যায় না। রাস্তার যানজট ঠেলে বাজারে গিয়ে দেখেশুনে আনার মতো সময়ও থাকে না। এ কারণে অনলাইনেই সুবিধা। অনেক সময় অনলাইনে দেখে পছন্দ করে রাখি, পরে সরাসরি গিয়ে নিয়ে আসি।”
ব্যবসার কারণে প্রচণ্ড ব্যস্ত আদাবরের বাসিন্দা মাশুকে এলাহী পরিবার নিয়ে মার্কেটে যাওয়ার সময় পান না বলে অনলাইনে কেনাকাটার ভার স্ত্রীর ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত।
“আমার স্ত্রী ইন্টারনেট ভালো বোঝে। সে বাসায় বসেই অনলাইনে অর্ডার দেয়। আমার দোকানে জিনিসপত্র দিয়ে যায়। এবার ঈদের কিছু কেনাকাটাও অনলাইনে করেছি।”
অনলাইনে পণ্য কেনায় সুবিধার পাশাপাশ বিড়ম্বনাও পোহাতে হয়েছে কাউকে কাউকে।
একটি আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা রায়হানুল ফেরদৌস শাহরীন ঈদের জন্য একটি পোশাক কেনার অর্ডার দিয়ে এখনো পাননি।
“যে প্রতিষ্ঠান থেকে কিনেছি, তাদের ঢাকার বাইরে ডেলিভারির ব্যবস্থা না থাকায় ঢাকার একটি ঠিকানা দিয়েছি। পরে দেখি আমার অর্ডারের পণ্য দেয়নি।”
অনলাইনে পণ্য কেনাবেচার অসংখ্য ছোট-বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে দেশে। এরকমই একটি প্রতিষ্ঠান ‘গুটিপোকা’।
হ্যান্ডপেইন্ট শাড়ি, কামিজ, হাতে বানানো গয়না, টাইডাই ওড়না, ব্লকের শাড়ি তৈরি করে ফেইসবুকের মাধ্যমে বিক্রি প্রতিষ্ঠানটি।
‘গুটিপোকা’র স্বত্ত্বাধিকারী আফসানা সুমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার ঈদে বিক্রি ভালো।
“হ্যান্ড পেইন্ট শাড়ি/ কামিজ তত প্রচলিত না। নির্দিষ্ট কিছু মানুষই এর ক্রেতা। বেশির ভাগ ক্রেতাই তরুণ, কর্মজীবী নারী।”
ফিউচার সল্যুশনস ফর বিজনেস লিমিটেডের অনলাইন মার্কেটপ্লেস ‘বাংলাদেশ ব্রান্ডস’ অনলাইনে সব নামিদামি ব্র্যান্ডের পোশাক বিক্রি করে।
এর প্রকল্প ব্যবস্থাপক এনামুল হক জানালেন, প্রত্যাশিত পরিমাণে না হলেও গতবারের তুলনায় এবার তাদের বেচাকেনা ভালো।
“আমাদের শতকরা ৪০-৫০ ভাগ অর্ডার দেশের বাইরে থেকে হয়। ইউএসএ, অস্ট্রেলিয়া থেকে অর্ডার করেন, আমরা ডেলিভারি দেই। ফিজিক্যাল আউটলেট, মানে দোকান করার কোনো পরিকল্পনা আমাদের নেই।”
এবার ঈদে ৫৫ থেকে ৬০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন এই উদ্যোক্তা।
ক্রেতাদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, “অনলাইনে কেনাকাটায় নজরদারি না থাকায় অনেকেই মানসম্মত পণ্য দেন না। আমি নিজেও অনলাইনে একটি ঘড়ি কিনতে গিয়ে এ ধরনের প্রতারণার শিকার হয়েছি।”
এক্ষেত্রে সরকারের সহায়তা চেয়ে তিনি বলেন, “সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে। কিন্তু এ খাতের অব্যবস্থাপনা দূর করতে কাজ না করলে আমরা সত্যিকারের উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হব।”
বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ই-কমার্স প্রতিষ্ঠান ‘আজকের ডিল’-এর চেয়ারম্যান ফাহিম মাশরুর জানান, তাদের এই ওয়েবসাইট বিভিন্ন কোম্পানির পণ্য বিক্রির ‘প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করে। প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ তাদের সাইটে যান।
“এক হাজার মার্চেন্ট আমাদের মাধ্যমে তাদের পণ্য বিক্রি করে। আমরা সব সেল থেকে একটা প্রফিট নিই।”
ইন্টারনেটে পণ্য কেনাবেচার এসব ‘দোকানে’ ক্রেডিট কার্ডে বা বিকাশের মতো অনলাইন ব্যাংকিং মাধ্যম ব্যবহার করে দাম চুকানো যায়। আবার অনলাইন বা ফোনে অর্ডার করে বাসায় বসে পণ্য বুঝে নিয়ে দাম দেওয়ারও সুযোগ রয়েছে।
বেসিস ই-কমার্স অ্যালায়েন্সের আহবায়ক ফাহিম মনে করেন, বাংলাদেশে অনলাইন মার্কেট প্লেসের বড় সম্ভাবনা আছে।
“ভারত ও চীনে মোট বেচাকেনার ২ থেকে ১০ ভাগ অনলাইনে হয়। আমরা এখন দশমিক শূন্য শূন্য এক ভাগও না। আমরা মনে করি, এ খাতের বড় একটা সম্ভবনা আছে। বিশেষ করে ঢাকার বাইরে বড় মার্কেট রয়েছে।”
অবশ্য ঢাকার বাইরে ক্রেতাদের ঘরে ঘরে পণ্য পৌঁছে দেওয়া এখনও ‘একটি বড় সমস্যা’ বলে মনে করেন তিনি। এক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের সহায়তা নেওয়ার পক্ষে মত তার।
