স্পট মার্কেট থেকে অব্যাহতি পেল শাহজিবাজার পাওয়ার
স্পট মার্কেট থেকে শাহজিবাজার পাওয়ারকে অব্যাহতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্পট মার্কেট থেকে অব্যাহতি পাওয়ায় শাহজিবাজার পাওয়ারের শেয়ার নিয়মিত বা সাধারণ মার্কেটে লেনদেন হবে। তবে কোম্পানিটির শেয়ার নন-মার্জিনেবল থাকবে।
২০১৪ সালের ১৮ নভেম্বর শাহজিবাজার পাওয়ারকে স্পট মার্কেটে পাঠানোর সিদ্ধান্ত নেয় কমিশন। ওইদিন কোম্পানির শেয়ারকে নন-মার্জিনেবল ঘোষণা করা হয়।
এর আগে বিএসইসির তদন্তে সহায়তা ও বিনিয়োগকারীদের স্বার্থে ২০১৪ সালের ১১ অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য শাহজিবাজার পাওয়ারের শেয়ার লেনদেন স্থগিত করার ঘোষণা দেয় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। প্রায় দুমাস শাহজিবাজার পাওয়ারের শেয়ার লেনদেন বন্ধ ছিল ।
শেয়ারের দরে অস্বাভাবিক হারে বৃদ্ধি, আর্থিক প্রতিবেদনে গরমিল ও মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ না করায় কোম্পানির বিষয়ে একাধিকবার পদক্ষেপ নিয়েছে বিএসইসি।
