২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবি কিনতে শেষ মুহূর্তের ব্যস্ততা

পাঞ্জাবি ছাড়া উৎসব-আনন্দ ভাবাই যায় না। আর উৎসবটা যদি হয় ঈদ তাহলে ছেলে-বুড়ো সবারই পাঞ্জাবির প্রয়োজনটাও বাড়ে কয়েকগুণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 08:47 PM

Updated : 12 Oct 2022, 04:00 PM

ঈদের কেনাকাটার শেষ মুহূর্তে তাই রাজধানীর পাঞ্জাবির দোকানগুলোয় ভিড় বেড়েছে। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকের ফাঁকে কথা বলার ফুরসত নেই।  

রাজধানীর বসুন্ধরা সিটি, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ও গুলিস্তানের বিভিন্ন শপিং মলসহ ফুটপাথ ও বিভিন্ন ফ্যাশন হাউজের আউটলেটে ক্রেতারা সাধ্যের মধ্যে পছন্দের পাঞ্জাবির জন্য চষে বেড়াচ্ছেন।   

দেশি ফ্যাশন হাউজ ‘সাদাকালো’র বসুন্ধরা সিটি শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম সজিব জানালানের পাঞ্জাবিতে ক্রেতাদের ভালো  সাড়া পাওয়ার কথা।

তিনি বলেন, “দেশে প্রথম বারের মতো কিউবিজম ধারাকে আমরা পোশাকে এনেছি। শার্ট, পাঞ্জাবি, শাড়ি, কামিজে এই ধারার আর্টে ডিজাইন করেছি। এই আর্টের পোশাককে সব শ্রেণির মানুষের সাধ্যের মধ্যে রাখতে চেষ্টা করা হয়েছে। সাদাকালোর যেকোনো শাখায় ৯৫০ থেকে ২ হাজার টাকার মধ্যে এই ডিজাইনের পাঞ্জাবি পাওয়া যাবে।

তবে তাদের ১০ হাজার টাকা দামেরও পাঞ্জাবি রয়েছে বলে জানান সজিব।

একই মার্কেটে ‘নগরদোলা’র শাখা ম্যানেজার নুসরাত জাহান জানান, এবার তাদের ডিজাইনে নতুনত্ব না থাকলেও পাঞ্জাবির বেচাকেনা বেশ ভালো।

“এর কারণ হচ্ছে, আমাদের পাঞ্জাবির আইটেমগুলো বৈচিত্রময়। এজন্য অন্য যে কোনো পণ্যের তুলনায় পাঞ্জাবির বিক্রি ভালো।”

৮৯০ থেকে ৯ হাজার ৯০০ টাকায় মিলছে ‘নগরদোলা’র পাঞ্জাবি।

খ্যাতনামা আরেক ফ্যাশন হাউজ ‘ক্রে ক্রাফট’ এবার বাব-ছেলের ম্যাচিং পাঞ্জাবির পাশাপাশি পাঞ্জাবির সঙ্গে মিল রেখে শাড়ি, মেয়েদের কটি-তাগা কিংবা কামিজের ‘ফ্যামিলি প্যাকেজ’ নিয়ে এসেছে।  

প্রতিষ্ঠানটির শিক্ষানবিশ ব্যবস্থাপক কার্নব খান জানালেন, ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৭০০ টাকায় কটনের পাঞ্জাবির পাশাপাশি বিভিন্ন নকশার পাঞ্জাবির দাম ৮ হাজার টাকা পর্যন্ত রয়েছে। আর ফ্যামিলি প্যাকেজে পাঞ্জাবির দামের সঙ্গে অন্য পোশাকের মূল্যও যোগ হবে।

দেশি দশে নতুন যোগ হওয়া ফ্যাশন হাউজ ‘সৃষ্টি’র বসুন্ধরা শাখা ইনচার্জ এসএম তৌফিক বলেন, “আমাদের পাঞ্জাবি মানুষের সাধ্যের মধ্যেই। ৯০০টাকা থেকে শুরু হয়ে ১৫শ টাকার মধ্যেই আমাদের সব পাঞ্জাবি পাওয়া যায়। নতুন শাখা হিসাবে আমাদের বেচাকেনা বেশ ভালো।”

বেক্সিমকোর সহযোগী প্রতিষ্ঠান ‘ইয়েলো’র ধানমণ্ডি শাখার সহকারী ব্যবস্থাপক হিন্দোল তারিক খান জানান, প্রতিবারের মতো এবারও তাদের পাঞ্জাবির বিকিকিনি ভালো।

“প্রতি বছরই আমরা আগের বছরের বিক্রি ছাড়িয়ে যাই। এবারও আমরা ইতিমধ্যে আগের রেকর্ড ছাড়িয়ে গেছি।”

১ হাজার ৭৯৫ থেকে ৩ হাজার ৪৯৫ টাকায় মিলছে ইয়েলোর পাঞ্জাবি।

দেশি এসব ফ্যাশন হাউজের বাইরে গুলিস্তান, নিউমার্কেটসহ নগরজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন মার্কেটেও পাঞ্জাবির জন্য ক্রেতাদের ভিড় দেখা গেছে।

গুলিস্তানের পীর ইয়েমেনি মার্কেটে পাইকারি এবং খুচরা বিক্রি হয় পাঞ্জাবি।

এই মার্কেটের দোকানি আবুল কালাম আজাদ বলেন, “পাইকারিতে পাঞ্জাবি মোটামুটি গত বছরের মতোই বিক্রি হয়েছে। তবে খুচরা বিক্রি কিছুটা কম বলে মনে হচ্ছে।”

নিউ মার্কেটের মাহমুদ ম্যানশনের একটি পাঞ্জাবি দোকানের বিক্রয়কর্মী রিয়াজও পাঞ্জা ভালো বিক্রি হওয়ার কথা জানালেন।

দামের ব্যাপারে অভিযোগ নিউমার্কেটে পাঞ্জাবি কিনতে আসা হাফিজুল ইসলামের। তিনি বলেন, “দাম এবার একটু বেশিই মনে হচ্ছে। বিক্রেতারা অনেক টাকা দাম হাঁকে।”

নিউমার্কেট এলাকায় নিয়মিত হকারদের পাশাপাশি ঈদ উপলক্ষে নতুন হকারদেরও সমাবেশ ঘটেছে। ফরিদপুর থেকে রমজান উপলক্ষে আসা মো. রনি এদেরই একজন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারা বছর এলাকায় পাঞ্জাবি বিক্রি করি। অথবা বিভিন্ন মেলায় যাই। আর ঈদের সময় ঢাকায় আসি। এবার রমজানের একদিন আগে এসে এখানে দোকান করেছি। চাঁদরাতে বাড়ি চলে যাব।”

সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আড়ংয়ের ধানমণ্ডি শাখার তত্ত্বাবধায়ক আল আমিন শিকদার বেচাকেনার চাপে রীতিমত হিমশিম খাচ্ছিলেন।

চারদিকে উপচেপড়া ভিড় দেখিয়ে আল আমিন বলেন, “দেখতেই তো পাচ্ছেন বেচাকেনা কেমন? নতুন শাখা হিসাবে বেচাকেনা অনেক ভালো বলতে হবে। আড়ং মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। সে কারণেই মানুষ এখানে আসে।”

স্ত্রী সন্তান নিয়ে আড়ংয়ে আসা আবুল হাশেম বলেন, “ঈদে গ্রামে যাব। আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা করতে বের হয়েছি। আজ পাঞ্জাবি কিনব। তবে একটু পছন্দসই পাঞ্জাবি কিনতে গেলেই অনেক টাকা দাম হয়ে যায়।”