৫০০ কোটি টাকা ছাড়িয়েছে ডিএসইর লেনদেন
ঈদের ছুটি শুরুর দুই দিন আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন আবার ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।
সপ্তাহের প্রথম দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই বেড়েছে সূচক ও লেনদেন।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৫৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে; যা আগের দিনের চেয়ে ৭৫ কোটি ৪৯ লাখ টাকা বেশি।
এ বাজারের সার্বিক মূল্য সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ৬১৫ পয়েন্ট।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে ১৩৮টির দর বেড়েছে; কমেছে ১৩৮টির। আর অপরিবর্তিত ছিল ৩৪টির শেয়ার দর।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ৫ কোম্পানি হল-এসিআই, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, এসিআই ফর্মুলেশন ও বেক্সিমকো ফার্মা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসপিআই এদিন ২৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২০১ পয়েন্ট হয়েছে। হাতবদল হয়েছে ৪৬ কোটি টাকার শেয়ার।
সিএসইতে এদিন ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১১৭টি এবং অপরিবর্তিত ছিল ৩৩টির দাম।
ঈদের ছুটিতে বুধবার থেকে পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।
