‘দম ফেলার’ ফুরসত নেই দর্জিবাড়িতে
সপ্তাহ পেরোলেই ঈদ; তার আগেই সব ক্রেতাকে বুঝিয়ে দিতে হবে পোশাক। তাই দিন-রাত যেন সমান হয়ে গেছে দর্জিবাড়ির কারিগরদের।
ঈদ সামনে রেখে রাজধানীজুড়ে বিভিন্ন ফ্যাশন হাউজে জমকালো পোশাকের প্রদর্শনী থাকলেও পছন্দসই পোশাক বানিয়ে নিতে দর্জিদের দোকানে ভিড় জমান মূলত কিশোরী-তরুণীরা।
ঈদের অনেক আগে থেকেই দর্জিবাড়ির সামনে শুরু হয়ে যায় ক্রেতাদের লম্বা লাইন। তাদের পছন্দসই পোশাক বানাতে পুরো রোজার মাসেই ব্যস্ত সময় পার করেন দর্জিরা।
শুক্রবার রাজধানীর বিভিন্ন মার্কেটে গিয়ে দেখা গেছে, যেন দম ফেলারও ফুরসত নেই পোশাকের কারিগরদের। কাটিং, নিটিং, হাতের সূক্ষ্ম কারুকাজে একেকটি পোশাক নিখুঁতভাবে তৈরিতে অক্লান্ত দর্জিবাড়ি।
রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া ও চাঁদনীচক অথবা গলির মোড়ের ব্যস্ত দর্জিপাড়ায় সেলাই মেশিনের ছুটে চলার শব্দই বলে দেয় ঈদের সময় এগিয়ে আসার কথা। সেলাই, হাতের কাজ, লক সেলাই, আয়রন এই চারধাপে দিনরাত চলছে কারখানার শ্রমিকদের ব্যস্ততা।
কাজের চাপে এরইমধ্যে নতুন অর্ডার নেওয়া বন্ধ করেছেন অনেক দোকানি।
রাজধানীর বাংলামটর এলাকার একটি দর্জির দোকানে পোশাক বানাতে ব্যস্ত কারিগররা।
সারা বছরের তুলনায় ঈদ মৌসুমে তিন থেকে চারগুণ চাপ থাকে বলে জানান তিনি।
এসব দর্জিপাড়ার ক্রেতাদের বড় অংশই কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা। গাউছিয়ায় দর্জিবাড়ির সামনে কথা হয় তেমনই একজনের সঙ্গে।
এত বুটিক হাউস থাকতে দর্জিবাড়ি ছুটছেন কেন, এমন প্রশ্নে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইরিনের সোজাসাপ্টা উত্তর, বুটিক হাউজগুলোর একঘেয়ে ডিজাইনের বদলে নিজের পছন্দের স্টাইলেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
তবে ঈদের সময় পোশাক বানাতে বাড়তি মজুরি দিতে হওয়ায় তা নিয়ে ক্রেতাদের আক্ষেপও কম নয়। পুরান ঢাকার বাসিন্দা ইডেন কলেজের ছাত্রী রেশমা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বরাবরই ঈদে নিজের পছন্দমত ডিজাইন দিয়ে পোশাক বানাতে দিই। কিন্তু প্রতিবছরই মজুরি বাড়ে এ সময়টায়। গেলবারের তুলনায় কমপক্ষে ২০০ টাকা বাড়তি দিতে হয়েছে প্রতি পোশাকের মজুরিতে।”
পোশাক সেলাইয়ে ব্যস্ত কারিগর
বাড়তি মজুরি নেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যায় দর্জি লুৎফর রহমান বলেন, “কারখানার শ্রমিকদেরও মজুরি অন্যবারের তুলনায় বেড়েছে। বিদুৎ বিলও বেড়েছে। সুতা, বোতাম এসবের দামও বাড়তির দিকে। তাই উপায় থাকে না মজুরি না বাড়িয়ে।”
সারাবছর দুই ঈদ ও পূর্জা ঘিরেই মূলত লাভ-লোকসানের খতিয়ান হয় দর্জিপাড়ায়।
খোঁজ নিয়ে দেখা গেছে, সুতি ও জর্জেটের থ্রি পিসে ৬০০ থেকে ১৫০০ টাকা, ব্লাউজে ৬০০ টাকা, সিঙ্গেল কামিজে ৩০০ থেকে ৪০০ টাকা মজুরি নেওয়া হচ্ছে।
তবে এবার বেশিরভাগ ক্রেতাই কাপড় কেনার ঝক্কি এড়াতে থ্রি পিস কিনে তাদের কাছে পোশাক বানাতে দিয়েছেন বলে জানান গাউছিয়ার বৈশাখী লেডিস টেইলার্সের কাটিং মাস্টার শাহাবুদ্দিন।
“এবার ৮০ ভাগ অর্ডারই এসেছে ইন্ডিয়ার আনস্টিচ থ্রি পিসের। এগুলো চলছেও ভালো,” বলেন তিনি।
