২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটপাতে কেনাকাটা: ভিড় বাড়ছে, তবুও হতাশা

ঈদের এক সপ্তাহ বাকি থাকলেও বিক্রি নিয়ে হতাশায় রাজধানীর মতিঝিল, গুলিস্তান, বায়তুল মোকাররম এলাকার ফুটপাতের কাপড় ব্যবসায়ীরা।

কাজী মোবারক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 07:49 PM

Updated : 12 Oct 2022, 03:59 PM

তারা বলছেন, এলাকা ভিত্তিক কাপড়ের দোকান গড়ে ওঠায় বিক্রি আগের মতো নেই।

শনিবার এসব এলাকায় ঘুরে দেখা গেছে অনেকেই সাধ্যের মধ্যে কেনাকাটা সারতে ভিড় করেছেন এসব ভাসমান দোকানে। নামিদামি শপিং মলের মতো নানা রঙ ও ঢঙের পোশাকও মিলছে এখানে।

মতিঝিল, গুলিস্তান, বায়তুল মোকাররমসহ বেশ কয়েকটি ফুটপাতের বাজারে শনিবার ভিড় দেখা গেলেও তা অন্য সময়ের তুলনায় কম বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

গুলিস্তান ফুলবাড়িয়ায় ‘গুলিস্তান শপিং কমপ্লেক্স’ এর সামনে বাচ্চাদের কাপড় বিক্রেতা আবুবক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেচাকেনা অন্যান্য ঈদের চেয়ে কম। আশা করতেছিলাম দৈনিক ৩০-৪০ হাজার টাকা বেচাকেনা হবে, তা এখন ১০-১২ হাজার টাকা।”

তার দোকানে ১৫০ টাকার জামা থেকে শুরু করে ৩০০ টাকার কাপড় রয়েছে বলে জানান তিনি।

ফুলবাড়িয়া শপিংকমপ্লেক্সের সামনে বড়দের প্যান্টের পসরা সাজিয়ে নিয়মিত বসেন মান্নান নামে এক দোকানি।

বললেন, “বেচাবিক্রি ভালোই, ক্রেতারাও আসছেন। তবে আমাদের টার্গেট ফিলাপ হচ্ছে না।”

বাজার ঘুরে দেখা যায়, ফুটপাতের দোকানগুলোতে মেয়েদের থ্রি-পিস পাওয়া যায় ২৫০ টাকা থেকে ৭০০ টাকার মধ্যে, ১৫০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যায় বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের জামা। পাঞ্জাবি পাওয়া যাচ্ছে ২০০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে।

এছাড়া ১২০ থেকে ৩০০ টাকায় শার্ট, প্যান্ট ও গজ কাপড়ও বিক্রি করেন দোকানিরা।

বায়তুল মোকাররম এলাকার ফুটপাতে পাঞ্জাবি ব্যবসায়ী শাহ আলম বলেন, “বড় মার্কেটের মতো এখানেও ভালো মানের পাঞ্জাবি কম দামে পাওয়া যায়। প্রতিদিনই বিক্রি বাড়ছে।”

বাণিজ্যিক এলাকা হওয়ায় সারাক্ষণই ভিড় লেগে থাকার কথা জানান মতিঝিল এলাকার শার্ট বিক্রেতা সুমন।

তিনি বলেন, “বিক্রিও ভালো। এখানে একদামে শার্ট বিক্রি হয়। বিভিন্ন অফিসের বড় কর্মকর্তারা এখান থেকে কেনেন।”

ওই দোকানের সামনে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মিরাজুল ইসলামের সঙ্গে। জানালেন, কম দামে পাওয়া যায় বলে তিনি এখান থেকে নিয়মিত শার্ট কেনেন।

আর গুলিস্তানে বাচ্চার জন্য জামা কিনতে এসে রত্না নামে এক ক্রেতা বলেন, “ফুটপাতের বাজার বলে ছোট করে দেখার কিছুই নাই। এখানে কম দামে ভালো জিনিস পাওয়া যায়।”

ফুটপাতের দোকান বলতে অনেকে ‘দামাদামি’র ঝক্কি বুঝলেও এসব দোকানে একদামে পোশাক বিক্রি হতেও দেখা যায়। সেই সঙ্গে শোনা যায় ‘একদাম একশ বিশ’, ‘বাইচ্ছা লন একশ বিশ, ‘যেটা নিবেন একশ বিশ’- এ ধরনের নানা হাঁকডাক।