চট্টগ্রামে বেড়েছে সবজি ও কাঁচামরিচের দাম
চট্টগ্রামে বেড়েছে প্রায় সব ধরনের সবজি ও কাঁচামরিচের দাম। আর দাম অপরিবর্তিত রয়েছে মাছ-মাংস, পেয়াজ, রসুনের।
শুক্রবার নগরীর বৃহত্তম কাঁচাবাজার রিয়াজউদ্দিন বাজারে কাঁচামরিচ বিক্রি হয় ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। সরবরাহে ঘাটতি থাকায় বেশি দামে কাঁচামরিচ বিক্রি করতে হচ্ছে বলে দাবি করেছেন বিক্রেতারা।
কাঁচামরিচের পাইকারি আড়ৎ বিসমিল্লাহ আড়তের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে ট্রাক না আসায় কাঁচামরিচ ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়েছে। তবে বিকেলে ট্রাক আসার সাথে সাথে দাম কিছুটা কমেছে।”
চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি আছে বলে অভিযোগও তার।
নগরীর কাঁচাবাজারগুলোতে মাঝে মধ্যে কাঁচামরিচের দাম বাড়লেও রমজানের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত কাঁচা মরিচের দাম কম ছিল।
রমজানের প্রথম দুই সপ্তাহে কেজি প্রতি কাঁচামরিচ বিক্রি হয়েছে ২০ টাকা থেকে সর্বোচ্চ ৪০ টাকায়।
এদিকে বেগুন, ঢেঁড়শ, বরবটি, টমেটো ও করলার দামও বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়।
রিয়াজউদ্দিন বাজারে শুক্রবার মানভেদে বেগুন বিক্রি হয় ৬০ থেকে ৮০ টাকায়। ঢেঁড়শ প্রতি কেজি ৬০ টাকায়, বরবটি ৫০ থেকে ৬০ টাকায়, করলা ৫০ থেকে ৬০ টাকায় এবং টমেটো প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
এদিকে কাঁচামরিচসহ সবজির দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
সিইপিজেডে কর্মরত মনসুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোজায় যতদিন জেলা প্রশাসনের নজরদারি ছিল ততদিন বাজারের পরিস্থিতি স্বাভাবিক ছিল। নজরদারি কমার সঙ্গে সঙ্গে দাম বাড়ানো প্রতিযোগিতা শুরু হয়েছে।”
সবজির দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগি, মাছ, মাংস, পেঁয়াজ ও রসুনের দাম।
শুক্রবার রিয়াজউদ্দিন বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০ টাকা থেকে ১৫৫ টাকায় বিক্রি হয়েছে।
অন্যদিকে মাছের বাজারে স্থিতিশীল রয়েছে রুই, নাইলোটিকার দাম। প্রতি কেজি রুই মাছ বিক্রি হয়েছে ১৮০ টাকা থেকে ২১০ টাকায়। আর নাইলোটিকা ১০০ থেকে ১৫০ টাকায়।
দামে অস্থিরতা নেই গরুর মাংসের বাজারেও। প্রতি কেজি গরুর মাংস ৪৮০ টাকা থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছে শুক্রবার।
