তিন ধরনের বন্ডে বিনিয়োগের উৎসে আয়কর প্রত্যাহার
ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের বিনিয়োগের ওপর উৎসে আয়কর প্রত্যাহার করেছে সরকার।
বুধবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে এই কর প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদিত সব ডিলার ও ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের জানিয়েছে।
সার্কুলারে বলা হয়, “বাজেট কার্যক্রম ২০১৫ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ ১৯৪৮ এর ৫২(ডি) ধারা সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী বিদ্যমান ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এই তিনটি বন্ডের যে কোনো পরিমাণ বিনিয়োগের বিপরীতে অর্জিত সুদের ওপর উৎসে কর কর্তন প্রযোজ্য হবে না।”
এর পরিপ্রেক্ষিতে এখন এই বন্ডগুলোতে যে কোনো পরিমাণ বিনিয়োগে অর্জিত সুদের ওপর উৎসে কর দিতে হবে না বিনিয়োগকারীদের।
বিধানটি ১ জুলাই থেকে কার্যকর বলেও জানানো হয় সার্কুলারে।
এর আগে এসব বন্ডে অর্জিত সুদের ওপর ১০ শতাংশ উৎসে কর কাটা হত।
