২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমেছে সবজির দাম, বেড়েছে তেল-মাংস

রমজানে যেসব পণ্যের চাহিদা বাড়ে সেগুলোর দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। তবে কিছুটা কমেছে শাক-সবজির দাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2015, 10:30 PM

Updated : 25 Apr 2022, 01:32 PM

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন প্রকারের ডাল, পাম অয়েল, সয়াবিন তেল, আদা, মুরগি ও গরুর মাংসের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে।

তবে গত সপ্তাহের তুলনায় কম দামে পাওয়া যাচ্ছে শাক-সবজি। জোগানও বেশ ভাল। 

বৃষ্টির কারণে রাজধানীর বাজারগুলোতে শুক্রবার ক্রেতা উপস্থিতি ছিল কম।

ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সবজি পচে যাওয়ার ভয় আছে। যে কারণে কম দামে হলেও সবজি বিক্রি করে দিচ্ছেন বিক্রেতারা।

তবে আগামী সপ্তাহ নাগাদ সবজির সরবরাহ কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিক্রেতারা। দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণের কারণে সবজির ক্ষেত নষ্ট হওয়াকে তারা কারণ হিসেবে দেখছেন।

গত সপ্তাহরে তুলনায় দাম কমে বিভিন্ন মানের বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। গত সপ্তাহে এই বেগুনের দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। এছাড়া টমেটো ৫০ থেকে ৬০ টাকা, শসা ৩০ টাকা, কাঁচা মরিচ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছে ৮০ টাকা, শসা ৪০ থেকে ৬০ টাকা এবং কাঁচামরিচ ৬০ টাকা দরে।

এছাড়া করলা, কচুরমুখী, ঝিঙে, বরবটি আগের মতো ৪০ টাকা দরেই বিক্রি হচ্ছে।

বৃষ্টির কারণে কিছুটা কমেছে ডিমের দামও। শুক্রবার বিভিন্ন বাজারে প্রতি ডজন ডিম ৮২ থেকে ৮৪ টাকা দরে পাওয়া গেছে। কোন কোন বাজারে অবশ্য এক ডজন ডিম ৮০ টাকাও পাওয়া গেছে।

নিত্য প্রয়োজনীয় তেলের দামে পাওয়া গেছে রমজানের আঁচ। পাম তেলের দাম লিটারে ২ টাকা বেড়ে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর বোতলজাত সয়াবিন তেলের দামও লিটারে বেড়েছে ২ টাকা।

খুচরা বিক্রেতারা তেলের দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহকারীদের দাম বাড়ানোকে দুষছেন।

বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা তেলের দাম বাড়ার বিষযটি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবহন খরচসহ অন্যান্য খরচ বাড়ায় তেলের দাম সামান্য বেড়েছে।”

গত সপ্তাহে ৩৫০ টাকায় গরুর মাংস পাওয়া গেলেও শুক্রবার ৩৭০ টাকার নিচে গরুর মাংস পাওয়া যায়নি। আর দেশি মুরগির দাম কেজি প্রতি ২০ টাকা বেড়ে ৩৪০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিভিন্ন মানের ডালের দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। দেশি মসুর ডাল গত সপ্তাহে ১১৫ টাকায় পাওয়া গেলেও শুক্রবার বিক্রি হয়েছে ১২০ টাকা। ছোলা, মুগ, খেসারি ডালের দামও কেজিতে ২ থেকে ৩ টাকা পর্যন্ত বেড়েছে।

ছোলা ৬২ থেকে ৬৫ টাকা, মুগ ৮০ থেকে ১২০ টাকা এবং খেসারি ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।