২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছরে ১৫ হাজার কোটি টাকার চাল আমদানি

গত চার অর্থবছরে দেশে ১৪ হাজার ৮৬৫ কোটি টাকার চাল আমদানি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 03:50 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১০-১১ অর্থবছরে পাঁচ হাজার ৯৪১ কোটি, ২০১১-১২ অর্থবছরে দুই হাজার ১৮৬ কোটি, ২০১২-১৩ অর্থবছরে ২৪০ কোটি এবং ২০১৩-১৪ অর্থবছরে দুই হাজার ৭০০ কোটি টাকার চাল আমদানি করা হয়।

আর চলতি ২০১৪-১৫ অর্থবছরের দশ মাসে (জুলাই-এপ্রিল) তিন হাজার ৭৯৬ কোটি টাকার চাল আমদানি করা হয়েছে বলে জানান মন্ত্রী।

তোফায়েল বলেন, বর্তমানে ভারত, চীন, পাকিস্তান ও মিয়ানমার থেকে চাল আমদানি করা হয়।

আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে ৭২৯ ধরনের পণ্য বিদেশে রপ্তানি হয়।

১৯৯১-৯২ অর্থবছর থেকে ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত সময়ে সবজি রপ্তানি থেকে বাংলাদেশ মোট ৮৭০ দশমিক ৮৬ মিলিয়ন ডলার আয় করেছে বলে সংসদে জানান মন্ত্রী।

আরেক প্রশ্নে তিনি জানান, গত পাঁচ বছরে বাণিজ্যিক ভিত্তিতে সোনা আমদানির জন্য কোনো প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকে আবেদন করেনি।

একবছরে বিদেশ গেছেন সোয়া ৪ লাখ

গত এক বছরে চার লাখ ২৫ হাজার ৬৮৪ জন বাংলাদেশি চাকরি নিয়ে বিদেশে গেছেন বলে সংসদকে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি বছরের মে মাস পর্যন্ত বিদেশ যাওয়া কর্মীর সংখ্যা ৯২ লাখ ৪১ হাজার ৩৭৭ জন।

গতবছর দেশে ১৪ দশমিক ৯৩ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে বলে জানান তিনি।