ইঁদুর নয়, ওটা মুরগিই ছিল: কেএফসি
যুক্তরাষ্ট্রে কেএফসির খাবারের বাক্সে ইঁদুর আকৃতির যে টুকরো পাওয়া গিয়েছিল সেটি মুরগির টুকরো ছিল বলে ডিএনএ টেস্টে প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে কোম্পানিটি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটের উইলমিংটনের এক বাসিন্দা চিকেন ফ্রাইয়ের অর্ডার দিয়ে কেএফসি থেকে কেনা খাবারের বাক্স খুলে অদ্ভূতদর্শন এক বস্তু পান, যাতে ইঁদুরের মতো একটি লেজও ছিল।
ডিভোরিজ ডিক্সন (২৫) নামের ওই যুবক তার ফেইসবুক ওয়ালে ওই নাগেট ভাজার ছবি ও ভিডিওসহ একটি পোস্ট দেন, যেখানে তিনি সবাইকে ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।
এরপর রীতিমত তোলপাড় শুরু হয়ে যায়। কেএফসির খাবারের বাক্সে ‘ইঁদুর ভাজা’ নিয়ে বিশ্বব্যাপী সংবাদ শিরোনাম হয়।
মঙ্গলবার ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, কেএফসির এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুবক ডিক্সনের আইনজীবী একটি নিরপেক্ষ ল্যাবে পরীক্ষার জন্য নাগেটটি হস্তান্তর করেন। এরপর ডিএনএ টেস্টে সেটি মুরগির টুকরো বলে প্রমাণিত হয়।
তার ধারণা হয়, ‘এটি কোনোভাবেই ভাজা মুরগি হতে পারে না’। কেএফসি তাকে ইঁদুর ভাজা গছিয়েছে বলে সন্দেহ হয় তার।
ফেইসবুকে তিনি লেখেন, “শক্ত এবং রাবারের মতো বস্তুটি দেখে তা ভালোভাবে দেখতে আগ্রহী হই। ভালোভাবে লক্ষ্য করে দেখি এটি লেজসহ ইঁদুরের আকৃতির।
“এটা দেখে আমার দেহে ভয়ের ঠাণ্ড স্রোত বয়ে যায়। আমি কখনো এমন বিস্মিত হইনি। এখন সময় এসেছে আইনজীবীর দারস্থ হওয়ার, নিরাপদ থাকুন এবং ফাস্টফুড খাওয়া থেকে দূরে থাকুন।”
