চট্টগ্রাম, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরনো সবজি রাখা এবং খাবারের পুষ্টিমান উল্লেখ না থাকায় কেএফসি'র চট্টগ্রাম শাখাকে রোববার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ফ্রিজে পুরনো টমেটো পাওয়ায় এবং সালাদের প্যাকেটে কম্পোজিশন, ওজন ও পুষ্টিমান উল্লেখ না থাকায় কেএফসিকে (কেনটাকি ফ্রায়েড চিকেন) ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক জোবায়ের আহমেদের নেতৃত্বে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেএফসিকে সাবধান করার জন্য কম জরিমানা করা হয়েছে। এটি যে মানের প্রতিষ্ঠান তাদের আরো সেবা দেওয়া উচিত।"
অভিযানে র্যাব-৭ ও বিএসটিআই'র প্রতিনিধিরা সহায়তা করেন পরিবেশ অধিদপ্তরকে।
বাংলাদেশে ট্রান্সকম ফুডস লিমিটেডের মালিকানায় চট্টগ্রামের লালখান বাজারে কেএফসির বিক্রয়কেন্দ্র খোলা হয় ২০০৯ সালের ১২ নভেম্বর। ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, ইস্কাটন, বেইলি রোড ও পুরান ঢাকায় এবং চট্টগ্রামের লালখান বাজারে কেএফসির একটি শাখা রয়েছে।
আমেরিকার কেনটাকির লুইসভিল ভিত্তিক ফাস্ট ফুড চেইন কেএফসির বিশ্বের একশ নয়টি দেশে ১৫ হাজার শাখা রয়েছে। আমেরিকায় রয়েছে পাঁচ হাজার দুশর বেশি শাখা।
১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে নগরীর বিভিন্ন স্থানে আরো কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিতে দুই লাখ ৩৬ হাজার পাঁচশ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
লালখান বাজার এলাকায় অভিজাত পিটস্টপ সুপার চাইনিজকে ৪০ হাজার টাকা এবং পিটস্টপ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করে জোবায়েরের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
জোবায়ের জানান, পিটস্টপের রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা থাকায় একে জরিমানা করা হয়।
একই আদালত ডবলমুরিং থানার চৌমুহনী মোড়ে 'বনফুল সুইটস এন্ড কোং' কে ৬০ হাজার টাকা, ফ্রেস ইন রেঁস্তোরা এন্ড বিরানী হাউজকে ৫০ হাজার, মেসার্স জনতা ফার্মেসীকে পাঁচ হাজার টাকা ও লালখান বাজারের নুরুদ্দিন শাহ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করে।
অন্যদিকে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকারের নেতৃত্বে আরেকটি দল নগরীর কোতোয়ালী ও পাঁচলাইশ থানার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে সহায়তা করে বিএসটিআই প্রতিনিধি ও র্যাব-৭ এর একটি দল।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও পরিবেশন করায় পাথরঘাটা ওমর আলী মার্কেটের 'স্বাদ মিষ্টি ভাণ্ডার'কে ৬০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
একই আদালত কোতোয়ালী মোড়ের 'সাধু মিষ্টি ভাণ্ডার'কে পাঁচশ টাকা, ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্সের আনোয়ার ও মামুন নামের দুই মাছ বিক্রেতাকে পাঁচশ টাকা করে জরিমানা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/পিডি/২১৫২ ঘ.
bdnews24