২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাফার্জ সুরমা গেল ‘এ’ ক্যাটাগারিতে

তালিকাভুক্তির ১২ বছর পর ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 05:50 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

মঙ্গলবার থেকে ‘এ’ ক্যাটাগরিভুক্ত হিসাবে কোম্পানিটি লেনদেন করছে বলে ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে।

‘এ’ ক্যাটাগরিভুক্ত হওয়ায় লাফার্জ সুরমার শেয়ার লেনদেন নিষ্পত্তিতে সময় লাগবে দুই কার্যদিবস।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া অর্থবছরের জন্য ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশসহ মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে লাফার্জ সুরমা সিমেন্ট।

এর ভিত্তিতে এক্সচেঞ্জ কর্তৃপক্ষ মঙ্গলবার কোম্পানিকে এ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।

২০০৩ সালে গ্রিনফিল্ড কোম্পানি হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় লাফার্জ সুরমা সিমেন্ট। এরপর ২০০৭ সালে কোম্পানি প্রথমবারের মতো মুনাফা করতে সক্ষম হয়। পরের বছরও এ ধারা বজায় থাকে। কিন্তু বিপুল পুঞ্জীভূত লোকসানের কারণে ওই দুই বছর কোনো লভ্যাংশ ঘোষণা করা হয়নি।

ভারতের মেঘালয়ে অবস্থিত খনি থেকে চুনাপাথর উত্তোলন নিয়ে পরিবেশ বিষয়ক মামলার কারণে ২০০৯ সালে ক্লিংকার উৎপাদন বন্ধ হয়ে পড়ে কোম্পানিটির।

এ অবস্থায় আমদানি করা ক্লিংকারে সিমেন্ট উৎপাদন চালু রাখা হলেও তাতে মুনাফা করতে সক্ষম হয়নি কোম্পানি। মামলার নিষ্পত্তির পর ২০১২ সালে ফের পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হয় এ কোম্পানির। আর সে বছর থেকেই মুনাফার ধারা শুরু হয়।

তবে কোম্পানিটি প্রথমবারের মতো ২০১৪ সালের জন্য লভ্যাংশ ঘোষণা করে।

‘এ’ ক্যাটাগরিভুক্ত হতে হলে কোম্পানিকে নিয়মিত এজিএম করতে হয় এবং ১০ শতাংশ লভ্যাংশ দিতে হয় ।