তামাকজাত পণ্যের কর বাড়ানোর সুপারিশ
নতুন বাজেটে তামাকজাত পণ্যের উপর কাঙ্ক্ষিতহারে কর প্রস্তাব না করায় উদ্বেগ প্রকাশ করেছেন হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার- এইচডিআরসির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আবুল বারকাত।
সোমবার জাতীয় প্রেসক্লাবে বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে তিনি চূড়ান্ত বাজেটে তামাকজাত পণ্যে উচ্চহারে নির্দিষ্ট পরিমাণ (স্পেসিফিক) এক্সাইজ ট্যাক্স আরোপ করার সুপারিশ করেন।
এইচডিআরসি, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) এবং প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আবুল বারকাত বলেন, বাংলাদেশে এখন তামকজাত পণ্য সেবন করে কমপক্ষে চার কোটি মানুষ।
“এর মধ্যে ২ কোটি ৩০ লাখ মানুষ ধোঁয়াযুক্ত (সিগারেট-বিড়ি) এবং বাকি ১ কোটি ৭০ লাখ মানুষ ধোঁয়াহীন (জর্দ্দা, গুল) তামাকজাত পণ্য ব্যবহার করেন। আর প্রায় এক কোটি মানুষ উভয়ই সেবন করেন।”
সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে পরোক্ষ ধূমপায়ীর সংখ্যা প্রায় ৪ কোটি যার অধিকাংশই নারী এবং শিশু বলে জানান তিনি।
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তামকজাত পণ্যের উপর কর যৎসামান্য বৃদ্ধি পেয়েছে আর অতীতের মতোই বহুজাতিক ও দেশীয় সিগারেট কোম্পানিগুলোকে সুবিধা প্রদান অব্যাহত থাকছে বলেও অভিযোগ করেন আবুল বারকাত।
কর নির্ধারণ সহজতর করার বিপরীতে জটিলতর হয়েছে জানিয়ে তিনি একে ‘তামাকের অপরাজনীতির আনুষঙ্গ’ বলে মন্তব্য করেন।
এবার বাজেটে সিগারেটে খুবই সুক্ষ্ম ‘মূল্যস্তর রাজনীতি’ হয়েছে মন্তব্য করে বারকাত বলেন, গত বাজেটে চারটি মূল্যস্তরে মধ্যে পরপর দুটি স্তরের পার্থক্য ছিল ১৫ থেকে ৩৬ টাকা পর্যন্ত।
“এক মূল্যস্তর থেকে আরেক মূল্যস্তরে লাফ দেওয়া সহজ ছিল না। বর্তমান বাজেটে এই পার্থক্য ১ টাকা। এটা বাস্তবায়িত হলে কোম্পানিগুলোই লাভবান হবে।”
“আগের তুলনায় বাজারে খুচরা দামের কোন পার্থক্য থাকবে না। সিগারেটের ভোগ কমবে না, বিক্রি কমবে না। খুচরা বিক্রেতার লাভ কমবে, কিন্তু সিগারেট কোম্পানির লাভ হবে বেশি- এসবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জনস্বাস্থ্য।”
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফ্রেমওর্য়াক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) অন্যতম স্বাক্ষরকারী দেশ হিসেবে তামাক নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ প্রণয়ন করে।
পরবর্তীতে আইনের সংশোধন হয় এবং বিধিমালাও করা হয়।
এরপরও সরকার তামাকের নীতিমালা করেনি জানিয়ে বারকাত বলেন, করনীতিমালা না থাকলে করের মাধ্যমে তামাকপণ্যের মূল্যবৃদ্ধির উদ্যোগ নেওয়া হলেও তা গুরুত্বহীন হয়ে পড়বে।
তিনি বলেন, তামাকজাত পণ্যের ভোগ কমানোর অত্যন্ত কার্যকর একটি উপায় হলো তামাকের উপর উচ্চহারে কর আরোপ করে এর মূল্য বাড়ানো।
আবুল বারকাত বলেন, চূড়ান্ত বাজেটে নির্দিষ্ট পরিমাণ এক্সাসাইজ কর আরোপ ছাড়াও মূল্যস্তর পদ্ধতি ধীরে ধীরে বাতিল এবং শতকরা ১৫ ভাগ মূল্য সংযোজন কর (মূসক) বহাল রাখা জরুরি।
পাশাপাশি ২৫ শলাকা ১০ টাকা হারে নিদিষ্ট পরিমাণ কর আরোপ করার প্রস্তাব করেন আবুল বারকাত।
সংবাদ সম্মেলনে শতকার ১৫ ভাগ মূসক বহাল রাখাসহ ধোঁয়া বিহীন তামাক পণ্যে নির্দিষ্ট পরিমাণ এক্সাইজ ট্যাক্স ব্যবস্থা চালু করা, ২০১৫-১৬ অর্থবছর থেকেই একক শলাকা সিগারেট-বিড়ি বিক্রয় নিষিদ্ধ করা, তামাকপাতার উপর রপ্তানি শুল্ক শতকরা ১০ ভাগ থেকে ২০ ভাগ নির্ধারণ করা, তামাকজাতপণ্য ডিউটি ফ্রি বিক্রি নিষিদ্ধ করা, স্বাস্থ্য খাতে সারচার্জ শতকরা ১ ভাগ থেকে বাড়িয়ে ২ ভাগে উন্নীত করার সুপারিশ করা হয়।
অন্যদের মধ্যে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) আহ্বায়ক মর্তুজা হায়দার লিটন এবং প্রজ্ঞার টোব্যাকো ইন্ডাস্ট্রি মনিটরিং বিশেষজ্ঞ মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। আত্মা’র সহ-আহ্বায়ক নাদিরা কিরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
