২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল আইসিটি এক্সপো

নতুন বাজেটে ই-কমার্স শপিংয়ের উপর প্রস্তাবিত চার শতাংশ হারে ভ্যাট বা মূসক প্রত্যাহরের দাবি জানিয়ে শেষ হল তথ্যপ্রযুক্তি মেলা ‘আইসিটি এক্সপো ২০১৫’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 12:20 AM

Updated : 22 Aug 2022, 12:38 PM

টানা তিন দিন মেলা শেষে বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এটিসহ কয়েকটি দাবি জানানো হয়।

দাবি শুনে তিনি বলেন, “আপনারা যা চান তার শতভাগ আমি দিতে পারব না। তবে অবশ্যই এর কিছুটা প্রত্যাহার করা হবে।”

সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই মেলা উদ্বোধন করেছিলেন।

সমাপনী অনুষ্ঠানের সভাপতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশে উঠতি এ খাতটির উন্নয়নে অর্থমন্ত্রীর কাছে দাবিগুলো তুলে ধরেন।

ডিজিটাল বাংলাদেশ বা প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য মোবাইল ফোন আমদানির ওপর ভ্যাট কমানোর দাবি জানান তিনি।

এছাড়া ইন্টারনেট ডেটারেউপর প্রস্তাবিত সারচার্জ আরোপ না করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ওপর ৫ শতাংশ হারে ফ্ল্যাট করারোপের দাবিও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, “তথ্য প্রযুক্তি খাতে পৃথিবীর সঙ্গে পাল্লা দিতে হলে আমাদের ধীর কদমে চললে হবে না। আমাদের উল্লম্ফন করতে হবে। এ খাতের উন্নয়নে কিছু দিতে শেখ হাসিনার সরকার কার্পণ্য করে না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, বাংলাদেশের বর্তমানে অললাইনভিত্তিক যে বেচা-কেনা হয় তার ওপর ভ্যাট বসালে সরকার সর্বোচ্চ ৪ কোটি টাকা পেতে পারে।

অনলাইনভিত্তিক বেচা-কেনা জনপ্রিয় করতে ৪ শতাংশ মূসক প্রত্যাহারের দাবি জানান তিনি।

সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রোগ্রাম তৈরির জন্য এআইইউবি, চুয়েট ও বুয়েটের তিন প্রোগ্রমারকে ক্রেস্ট দেওয়া হয়।

এছাড়া বাংলাদেশের প্রথম প্রোগ্রামার ও কম্পিউটার ব্যবহারকারী হিসেবে হানিফ উদ্দীন মিয়ার পরিবারের কাছে মরণোত্তর সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার বক্তব্য রাখেন।