২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রগতি ইন্সুরেন্সকে কোটি টাকা জরিমানা

বীমা আইন ভঙ্গ করে বাকিতে ব্যবসা করায় প্রগতি ইন্সুরেন্স লিমিটেডকে দুই কোটি ৯২ লাখ টাকা জরিমানা করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 11:35 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বীমা আইন ২০১০ এর ১৮(৩) ধারা লঙ্ঘনের কারণে প্রগতি ইন্সুরেন্স লিমিটেড, প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও আটটি শাখার ব্যবস্থাপকদের এই জরিমানা করা হয়েছে।

১৫ জুন আইডিআরএ’র প্রধান কার্যালয়ে প্রগতি ইন্সুরেন্সের বাকিতে ব্যবসা বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে সভাপতিত্ব করেন আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ। প্রগতি ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম  ও সংশ্লিষ্ট আটটি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন শুনানিতে।

শুনানিতে আইডিআরএ চেয়ারম্যান শেফাক আহমেদ বলেন, “আইডিআরএ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ৪৫টি বীমা কোম্পানির যতগুলো শাখা পরিদর্শন করা হয়েছে তার মধ্যে বাকি ব্যবসায় প্রগতি ইন্সুরেন্সের মতো শোচনীয় অবস্থা অন্য কারও ক্ষেত্রে দেখা যায়নি।

এছাড়া ২০১৩ ও ২০১৪ সালে ব্যবসায় প্রিমিয়াম না পাওয়া এবং বীমা ঝুঁকি গ্রহণের কয়েক মাস অথবা বছরখানেক পরে প্রিমিয়াম পাওয়ার কথাও বলেন তিনি।।

শুনানিতে প্রগতি ইন্স্যুরেন্সের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকরা বাকি ব্যবসার বিষয়টি স্বীকার করেন। 

প্রগতি ইন্সুরেন্সকে এক কোটি ৯২ লাখ টাকা, মুখ্য নির্বাহী কর্মকর্তাকে ৫০ লাখ টাকা এবং আটটি শাখার আটজন শাখা ব্যবস্থাপককে মোট ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

যেসব শাখা ব্যবস্থাপকের জরিমানা হয়েছে তারা হলেন- সদরঘাট শাখা ব্যবস্থাপক আহমদ ফারুক, মতিঝিল শাখা ব্যবস্থাপক এএফ কল্লোল, এলিফ্যান্ট রোড শাখা ব্যবস্থাপক শরীফ মোস্তফা, তেজগাঁও শাখা ব্যবস্থাপক আবদুল আলীম খান, বিমান ভবন শাখার ব্যবস্থাপক এসএমবি শামীম, দিলকুশা শাখা ব্যবস্থাপক হুমায়ুন কবির মজুমদার, বঙ্গবন্ধু এভিনিউ শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন এবং মালিবাগ শাখা ব্যবস্থাপক জিএম ফারুক।