বাজারে এসেই লেনদেনের শীর্ষে তসরিফা
বাজারে আসার প্রথম দিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার।
বুধবার ডিএসইতে মোট ৪৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যার মধ্যে ২৫ কোটি বা ৫ দশমিক ৫০ শতাংশ শেয়ার ছিল তসরিফার।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ১০ টাকা অভিহিত মূল্যের এই শেয়ারের দাম দিনশেষে দাঁড়িয়েছে ৩৫ টাকা ৭০ পয়সা। এ হিসেবে ১৬ টাকা প্রিমিয়ামসহ ২৬ টাকা মূল্যের শেয়ারটির দাম বেড়েছে ৩৭ শতাংশ।
প্রথম দিন হওয়ায় প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্যবৃদ্ধির কোনো সীমা রাখা হয়নি।
তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার ২০০ শেয়ার বাজারে ছেড়ে ৬৩ কোটি ৮৭ লাখ ২১ হাজার ২০০ টাকা সংগ্রহ করেছে।
