২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাকর্ড অযাচিত হস্তক্ষেপ করছে: বিজিএমইএ

তৈরি পোশাকের ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ডের বিরুদ্ধে বাংলাদেশের কারখানাগুলোতে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ এনেছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 08:26 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম এ অভিযোগ করেন।

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাকসহ বস্ত্র খাতের জন্য কর বিষয়ক কিছু প্রস্তাব পুনর্বিবেচনার দাবি নিয়ে এ বৈঠক হয়।

অ্যাকর্ডকে বাংলাদেশের পোশাক শিল্পের জন্য ‘বড় সমস্যা’ হিসেবে উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, তারা ভবনের নিরাপত্তা, অগ্নি নিরাপত্তা ও কর্মপরিবেশ দেখবে। কিন্তু তারা এখন অভ্যন্তরীণ ব্যবস্থাপনা বিষয়ে হস্তক্ষেপ করা শুরু করেছে।

“শ্রমিক নিয়োগ করা বা শ্রমিককে বরখাস্ত করার বিষয়ে কারখানার মালিকের আইনগত অধিকার রয়েছে। একটি কারখানার মালিক বিভিন্ন যৌক্তিক কারণে ৬ জন শ্রমিককে আইন অনুযায়ী বরখাস্ত করেছেন। কিন্তু রব ওয়েজের কতটা বাড় বেড়েছে যে সে এখন জোর করে বলছে, এই শ্রমিককে কাজে রাখতে হবে।”

অ্যাকর্ড বাংলাদেশের প্রধান রব ওয়েজকে যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠন এএফএলসিআইওর ‘এজেন্ট’ আখ্যা দেন তিনি।

আতিকুল বলেন, “অ্যাকর্ড ও অ্যালায়েন্স বলছে, সব কারখানার ইলেকট্রিক ওয়্যারিং পরিবর্তন করতে হবে। সব তার পরিবর্তন করে দুই ঘণ্টার আগুন প্রতিরোধক তার লাগাতে হবে।

“যুক্তি হিসেবে তারা বলছে, আমাদের দেশে অনেক যানজট। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস পৌঁছাতে দুই ঘণ্টা লাগে। এজন্য তার পরিবর্তন করতে হবে।

“এসব তার আমাদের দেশে পাওয়া যায় না, আমদানি করতে হবে। দামও অনেক বেশি।”

অ্যাকর্ডের এসব হস্তক্ষেপকে পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ বলে অভিহিত করেন তিনি।

বিজিএমইএর সভাপতির অভিযোগ শুনে অ্যাকর্ডের কার্যক্রমকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, “অ্যাকর্ড ও অ্যালায়েন্সকে আমরা স্বাগত জানিয়েছিলাম এই জন্য যে, তারা আমাদের সাহায্য করবে। কিন্তু এখন মনে হচ্ছে, গলার ফাঁস হয়ে গেছে।

“তদন্তের পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। অযাচিত চাপ (আনইউজুয়াল প্রেসার) অনাকাঙ্ক্ষিত,” বলেন অর্থমন্ত্রী।

এর আগে ৯ মে বিজিএমইএ সভাপতি অ্যাকর্ডের কার্যক্রম নিয়ে অভিযোগ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে চিঠি দেন।

ওই চিঠিতে আতিকুল ইসলাম বলেন, অ্যাকর্ড কারখানার শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। এছাড়া শ্রমিক ব্যবস্থাপনা বিষয়েও জড়িয়ে পড়ছে।

ওই চিঠির প্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজিএমইএ অ্যাকর্ডের বিষয়ে কিছু অভিযোগ করেছে। আমরা এটা নিয়ে তাদের (অ্যাকর্ড) সঙ্গে আলোচনা করব।”