সোনালী ব্যাংকের এমডির মেয়াদ আরও এক বছর বাড়ল
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রদীপ কুমার দত্তকে আরও এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংক থেকে মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি চিঠি সোনালী ব্যাংক এবং প্রদীপ দত্তের কাছে এসেছে।
এ নিয়ে সোনালী ব্যাংকের এমডি পদে প্রদীপ কমার দত্তের মেয়াদ দুই দফা বাড়াল সরকার।
প্রদীপ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার দুপুরে আমার নামে এমডি পদে মেয়াদ বাড়ানো সংক্রান্ত একটি চিঠি কেন্দ্রীয় ব্যাংক থেকে এসেছে।”
এর আগে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রদীপ কুমার দত্তের মেয়াদ আরও এক বছর বাড়ানোর অনুমোদন দিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয়।
সেই চিঠির পরিপেক্ষিতে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রদীপ দত্তের মেয়াদ আরও এক বছর বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কোনো আপত্তি আছে কি না জানতে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠায়।
রোববার বাংলাদেশ ব্যাংক অনাপত্তি জানিয়ে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চিঠির জবাব দিয়েছে।
২০১২ সালের ১৭ জুন দুই বছর মেয়াদে সোনালী ব্যাংকের এমডি পদে যোগ দেন প্রদীপ কুমার। ২০১৪ সালের ১৬ জুন তার মেয়াদ দুই বছর পূর্ণ হলে আরও এক বছর বাড়ানো হয়।
আগামী ১৬ জুন সেই বাড়তি মেয়াদ পূর্ণ হবে। তার আগেই আরও এক বছর সোনালী ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা- সিইও হিসেবে আরও এক বছর দায়িত্ব পালনের সুযোগ পেলেন প্রদীপ।
